বনবিড়ালের বাচ্চাগুলো ফিরে পেল ঠিকানা

বগুড়ার শেরপুরে বনবিড়ালের (স্থানীয় ভাষায় ‘গাবরা’) চারটি বাচ্চা উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর বড় বনবিড়ালের মা এসে বাচ্চাগুলো দ্রুত নিয়ে যায়।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’ বৃহস্পতিবার রাতে উপজেলার নিশিন্ধারা গ্রামে একটি ধানখেতে এসব বাচ্চা ছেড়ে দেয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নিশিন্ধারা গ্রামে আসাদুল আকন্দ তাঁর জমিতে গত শুক্রবার ধান কাটার সময় ধানখেতের একটি গর্ত থেকে ওই চারটি বনবিড়ালের বাচ্চা বের হয়ে আসে। তা স্থানীয় শিশুদের নজরে পড়ে। পরে শিশুরা চারটি বাচ্চা ধরে নিয়ে যায় বাড়িতে। খবর পেয়ে ‘স্বাধীন জীবনের’ নেতারা বিকেলে শিশুদের বাড়ি থেকে ওই চারটি বাচ্চা উদ্ধার করে।
‘স্বাধীন জীবন’ সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, বনবিড়ালের বাচ্চাগুলোর বয়স পাঁচ-ছয় দিন। শুক্রবার রাত আটটায় গ্রামের শিশু ও শিশুর অভিভাবকদের উপস্থিতিতে ওই চারটি বাচ্চা ছেড়ে দেওয়া হয়। বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর তাঁরা একটু আড়াল হলে মা বনবিড়াল এসে বাচ্চাগুলো নিয়ে যায়।