বনভান্তে হাসপাতালে ভর্তি সুস্থতার জন্য প্রার্থনা
বৌদ্ধধর্মীয় সাধক রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ বনভান্তে খ্যাত সাধনানন্দ মহাস্থবির বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার তাঁকে হেলিকপ্টারে করে রাঙামাটি থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বৌদ্ধ ধর্মের অহিংস বাণীর প্রচারক বনভান্তের সুস্থতা কামনায় প্রার্থনা করতে চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় এবং রাজবন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্ম, সম্প্রদায়, দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।৯৩ বছর বয়স্ক বনভান্তেকে অজ্ঞান অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে রাঙামাটি সার্কিট হাউস হেলিপ্যাড থেকে স্কয়ার হাসপাতালের একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। এ সময় তাঁকে বিদায় জানান চাকমা রাজা দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার, সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শামসুজ্জামান, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।এর আগে গত বৃহস্পতিবার রাতে বনভান্তের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাত থেকেই বৌদ্ধধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ রাজবন বিহার চত্বরে জড়ো হতে থাকেন। তাঁর সুস্থতা কামনায় সকালে সেখানে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসভার। গতকাল দুপুর ১২টার দিকে বনভান্তেকে অ্যাম্বুলেন্সে করে সার্কিট হাউস হেলিপ্যাডে নেওয়া হয়। এ সময় তাঁকে একনজর দেখতে বহু মানুষ জড়ো হতে থাকেন। রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান জানান, ৮-১০ দিন ধরেই বনভান্তে অসুস্থতাবোধ করছিলেন। বুধবার থেকে অসুস্থতা বেড়ে যায়। খাগড়াছড়ি জেলার সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান বলেন, বনভান্তে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাঁর শ্বাসকষ্ট, হাঁপানি, উচ্চ রক্তচাপ আছে। বুকে কফ জমে যাওয়ার কারণে শ্বাস নিতে না পারায় তিনি অজ্ঞান হয়ে পড়েছেন।