আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবিরকে (বনভান্তে) একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগান মাঠ, রাঙামাটির রাজবন বিহারসহ বিভিন্ন স্থানে মানুষের ঢল নামে।রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান বলেন, বনভান্তের মরদেহ অন্তত তিন মাস বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে রাঙামাটি রাজবন বিহারে রাখা হবে। তারপর যথাযোগ্য মর্যাদায় মরদেহ দাহ করা হবে। তবে আজ বুধবার সকাল নয়টা থেকে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও পুণ্যার্থী নারী-পুরুষের দর্শনের জন্য বনভান্তের মরদেহ রাঙামাটি রাজবন বিহার মাঠে রাখা হবে। গত সোমবার বিকেল চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে বনভান্তের মহাপ্রয়াণ হয়। গতকাল সকাল ১০টার দিকে ঢাকার কলাবাগান মাঠে বনভান্তের মরদেহ নেওয়া হয়। সেখানে ঢাকায় বসবাসরত বৌদ্ধধর্মাবলম্বীরা তাঁর পারলৌকিক সদ্গতি কামনায় প্রার্থনা করেন। সেখানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চাকমা সার্কেলপ্রধান ও রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক রাজা দেবাশীষ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।পরে দুপুর ১২টার দিকে বনভান্তের মরদেহ নিয়ে একটি গাড়িবহর সড়কপথে রাঙামাটির উদ্দেশে রওনা দেয়। পথে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে হাজার হাজার বৌদ্ধধর্মাবলম্বী বনভান্তের প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করেন।