বনভান্তের জন্মদিন উপলক্ষে ২৯৪ জনের প্রব্রজ্যা গ্রহণ
বৌদ্ধধর্মীয় সাধক ‘বনভান্তে’ খ্যাত সাধনানন্দ মহাথেরোর ৯৩তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার সারা দেশের ২৯৪ জন বৌদ্ধধর্মাবলম্বীকে একসঙ্গে প্রব্রজ্যা গ্রহণ করানো হয়েছে। থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশন ও রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় গতকাল বেলা আড়াইটার দিকে রাঙামাটি রাজবন বিহার মাঠে এ ধর্মীয় অনুষ্ঠান হয়।কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট সময় বা সারা জীবনের জন্য বৌদ্ধ সাধকের শিক্ষা গ্রহণে নিযুক্ত হওয়াকে ‘প্রব্রজ্যা’ বলা হয়।দেশে এই প্রথম একসঙ্গে ২৯৪ জনের প্রব্রজ্যা গ্রহণের অনুষ্ঠান বলে আয়োজকেরা জানান। সারা দেশের আদিবাসী ও বাঙালি বৌদ্ধধর্মাবলম্বীরা এ অনুষ্ঠানে যোগ দেন। আগামী রোববার বনভান্তের জন্মদিন। ওই দিনসহ ১৮ জানুয়ারি পর্যন্ত এ উপলক্ষে বৌদ্ধধর্মীয় নানা অনুষ্ঠান পালন করা হবে।গতকাল বেলা আড়াইটার দিকে রাজবন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা চাকমা রাজা দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাজকুমার নন্দিত রায়, বনবিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে আসেন। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশের অর্ধশতাধিক বৌদ্ধ ভিক্ষু রাজবন বিহার মাঠের মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় দেড় হাজারের বেশি বৌদ্ধধর্মাবলম্বী সাধুবাদ দিয়ে তাঁদের স্বাগত জানান।থাইল্যান্ডের বৌদ্ধধর্মীয় সাধক প্রকু-ভরর্কিত্তিসোউপন বলেন, বনভান্তের ৯৩তম জন্মদিন উদ্যাপন এবং বৌদ্ধধর্মীয় শিক্ষার প্রসার, ধর্মীয় সংস্কৃতি বিনিময় এবং বাংলাদেশ, থাইল্যান্ডসহ বিশ্বের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার জন্য ধম্মকায়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।এরপর চাকমা রাজা দেবাশীষ রায় তিনটি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আজকের এই দিনটি দেশের বৌদ্ধধর্মাবলম্বীদের একটি স্মরণীয় দিন। এ অনুষ্ঠানের মাধ্যমে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।ধম্মকায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সোয়াত পেজারা ফেরাত বলেন, পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধধর্মীয় আচারাদি সঠিকভাবে পালিত হচ্ছে দেখে তাঁরা খুবই খুশি। থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও স্বেচ্ছাসেবকেরা বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বী লোকজনকে ধর্মীয় শিক্ষাদান ও নিজেরা শিক্ষা গ্রহণ করবেন বলে তিনি উল্লেখ করেন।পরে যথাযথ ধর্মীয় মর্যাদায় ২৯৪ জন শিক্ষানবিশের মাথা মুড়িয়ে দেন প্রথমে বৌদ্ধ ভিক্ষু ও গণ্যমান্য ব্যক্তি এবং শেষে পরিবারের লোকজন। তারপর তাঁদের প্রব্রজ্যা গ্রহণ করানো হয়।