বনভান্তের প্রতি শ্রদ্ধা জানাল সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভান্তেখ্যাত প্রয়াত সাধনানন্দ মহাস্থবিরের দর্শন ও শ্রদ্ধা জ্ঞাপন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আহসাব উদ্দিন এবং থাইল্যান্ডের একদল বৌদ্ধ সাধক ও পুণ্যার্থী বনভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।গত সোমবার বিকেল চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে সাধনানন্দ মহাস্থবিরের মহাপ্রয়াণ হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাঁর মরদেহ রাঙামাটির রাজবন বিহার মাঠে আনা হয়। তখন থেকে তাঁকে একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী নারী-পুরুষ রাঙামাটি রাজবন বিহারে আসছেন।গতকাল সকালে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি চট্টগ্রাম এরিয়া অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ আহসাব উদ্দিন রাঙামাটি রাজবন বিহারে আসেন। সেখানে তিনি বনভান্তের মরদেহ দেখার পর তাঁর কয়েকজন শিষ্য ও রাজবন বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় জিওসি বলেন, ‘বনভান্তের মহাপ্রয়াণ শুধু বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ বনভান্তের অহিংসার যে নীতি, হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে আদর্শ, সে আদর্শ অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জিওসি শ্রদ্ধাঞ্জলি বইয়ে লেখেন, ‘মহান ও অত্যন্ত শ্রদ্ধাভাজন সাধু বনভান্তের অন্তর্ধানে আমরা শোকাভিভূত। বাংলাদেশ সেনাবানিহীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও সহানুভূতি জ্ঞাপন করছি।’অপরদিকে থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ সাধক ও পুণ্যার্থীরা তাঁদের সামাজিক ও ধর্মীয় রীতিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশ-বিদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা মনে করেন, বনভান্তে বৌদ্ধধর্মের শেষধাপ নির্বাণপ্রাপ্ত হয়েছেন। তাই এমন একজন মহাপুরুষকে দেখা ও শ্রদ্ধা জানালে পুণ্য অর্জন হয়। সে কারণে লোকজনের বনভান্তে দর্শন ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ব্যবস্থা অব্যাহত রাখা হবে।