বনভান্তের মরদেহ সংরক্ষণের সিদ্ধান্ত
খ্যাতিমান বৌদ্ধ সাধক প্রয়াত সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) মরদেহ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটি। এ ব্যাপারে থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনসহ বিশ্বের বিভিন্ন বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাঙামাটির বৌদ্ধধর্মাবলম্বী চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান। চিকিৎসকদের সঙ্গে আলোচনার সময় পরিচালনা কমিটির সদস্যরা ছাড়াও প্রধান পৃষ্ঠপোষক চাকমা সার্কেলপ্রধান দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল ছুটির দিন থাকায় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশ থেকে বৌদ্ধধর্মাবলম্বী লাখো ভক্ত ভোর থেকে রাত পর্যন্ত বনভান্তের দর্শন লাভের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন। আজ শনিবার আয়োজন করা হয়েছে বিশেষ ধর্মীয় প্রার্থনা এবং বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানা দান অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের উপস্থিত থাকার কথা রয়েছে।গত সোমবার বিকেল চারটায় রাজধানীর একটি হাসপাতালে বনভান্তের মহাপ্রয়াণ হয়। মঙ্গলবার মধ্যরাতে তাঁর মরদেহ রাঙামাটি রাজবন বিহার মাঠে আনা হয়। তখন থেকে তাঁকে একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে অবিরাম মানুষের ঢল নেমেছে রাঙামাটি রাজবন বিহারে।এ ছাড়া বনভান্তের মহাপ্রয়াণের পর থেকে তাঁর মরদেহ সংরক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা চলছে। বিহার পরিচালনা কমিটিও ভক্তদের এ আগ্রহকে মাথায় রেখে একের পর এক আলোচনা করছে মরদেহ সংরক্ষণ নিয়ে। রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান প্রথম আলোকে জানান, তাঁরা ইতিমধ্যে ই-মেইলসহ বিভিন্নভাবে বিভিন্ন বৌদ্ধধর্মাবলম্বী দেশে যোগাযোগ করছেন। ইতিমধ্যে জানতে পেরেছেন, থাইল্যান্ড ও মিয়ানমারের বিভিন্ন স্থানে অনেক বৌদ্ধ সাধকের মরদেহ দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হচ্ছে। বনভান্তের মরদেহও যত দিন সম্ভব সংরক্ষণ করা হবে। বনভান্তের মরদেহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রাঙামাটি সদর উপজেলা চিকিৎসা কর্মকর্তা স্নেহ কান্তি চাকমা জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণ করা সম্ভব। আর এখন তাঁদের জানা প্রযুক্তিতে দুই থেকে আড়াই বছর সংরক্ষণ করা সম্ভব। তিনি জানান, বিশ্বের অন্যতম বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের রাঙামাটি নিয়ে আসতে একজন প্রতিনিধি থাইল্যান্ডে পাঠানো হবে। বিশেষজ্ঞরা আসতে না চাইলে প্রযুক্তি শেখার জন্য রাঙামাটি থেকে কয়েকজনকে পাঠানো হবে।