বনভান্তের ৯৬তম জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বনভান্তে’ নামে খ্যাত বৌদ্ধধর্মীয় সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের ৯৬তম জন্মদিন পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার।
এ উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে সকালে ওড়ানো হয় হাজার হাজার বেলুন। জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ। ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশাল কেক কেটে শুরু করা হয় বনভান্তের জন্মদিনের আনুষ্ঠানিকতা। এরপর কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে রাজবন বিহারে বিশেষ ব্যবস্থায় রাখা বনভান্তের মরদেহে ফুল দেওয়া শুরু করে। সকাল হওয়ার আগেই ফুলে ফুলে ভরে ওঠে বনভান্তের মরদেহ রাখা কক্ষ।
সকাল আটটায় শুরু হয় সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধপূজা। ধর্মীয় অনুষ্ঠানে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান উপস্থিত ছিলেন।
বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভ করেন। তখন থেকে তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙামাটি রাজবন বিহারে সংরক্ষণ করা হয়। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি শহরের দক্ষিণে মগবান ইউনিয়নের মুরোঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন।