বনভূমি রক্ষায় প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি ও জনসম্পৃক্ততা। বন্দোবস্ত দেওয়ার প্রথা বাতিল করে বনের জমি বনের, খালের জমি খালের, নদীর জমি নদীর থাকবে—এরকম আইন করতে হবে। যারা বনভূমি দখল করছে, তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। তা না হলে বন রক্ষা কঠিন হবে।
বন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। প্রথম আলোর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ‘বাংলাদেশে বন ব্যবস্থাপনা: ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বন অধিদপ্তর ও জার্মানির সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড।
গোলটেবিল আলোচনায় পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মিহির কান্তি মজুমদার বন্দোবস্ত দেওয়ার বিষয়টিকে ‘আত্মঘাতী’ মন্তব্য করে বলেন, বন না থাকলেও বনের জমি বনের থাকবে, খালের জমি খালের, নদীর জমি নদীর থাকতে হবে। এ জন্য ‘কমন প্রপার্টি কনজারভেশন অ্যাক্ট’ করতে হবে।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী বলেন, সামান্য ভূমিদস্যু, যারা মুষ্টিমেয়, তারা বিভিন্নভাবে প্রশ্রয় পাচ্ছে। এই প্রশ্রয় যাতে না পায়, এ জন্য গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি সামাজিক বনায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে তাঁদের পাওয়া সুফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) দেশীয় প্রতিনিধি ও সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, বন ধ্বংস হচ্ছে, এটা লুকানোর কিছু নেই। যারা বনভূমি দখল করছে, তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে বন রক্ষা কঠিন হবে। বন অপরাধ দমন বা বন সংরক্ষণের জন্য বন বিভাগ সরকারিভাবে এবং সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত এতে সন্দেহ নেই। তবে অপরাধটি যখন সামাজিক ব্যাধি হয়ে যায়, তখন এককভাবে কোনো সংস্থার পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন। এ জন্য দরকার রাজনৈতিক প্রতিশ্রুতি। সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদেরও প্রতিশ্রুতি দরকার।
শালবনসহ বিভিন্ন বন দখলের চিত্র তুলে ধরে তিনি বলেন, বনের নির্ধারিত সীমানা রয়েছে, তা পুনঃ চিহ্নিত করে মাঠপর্যায়ে সবার গোচরে আনা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান বন বিভাগের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে বনের অগ্রাধিকার একেবারেই তলানিতে। তাই একে কীভাবে অগ্রাধিকারের অন্তত মধ্যম পর্যায়ে নেওয়া যায়, তা ভাবতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বনায়নকে আরও ভালোভাবে ব্যবহার করতে হবে। এ জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে।
জিআইজেডের উপদেষ্টা গেরিট কোয়ালিটজ বলেন, বন বিভাগের সহযোগিতায় তাঁরা তিনটি প্রকল্প বাস্তবায়ন করছেন।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বনকে শুধু রাজস্ব আয়ের উপায় না দেখে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোস্তফা ফিরোজ, জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাইকেল টমাস রবসন, বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক আকবর হোসেন, সহকারী প্রধান বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, জিআইজেডের প্রতিনিধি আবদুল্লাহ আব্রাহাম হোসেন প্রমুখ।