
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে সব ধরনের বনভোজন আয়োজন নিষিদ্ধ করায় এ বছর সেখানে পর্যটকের সংখ্যা কমে গেছে। সেই সঙ্গে সরকার হারাচ্ছে রাজস্ব। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না জানায় অনেকে আবার বনভোজন করতে এসে পড়ছেন বিপাকে।
তিন মাস আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে ফাউন্ডেশন কর্তৃপক্ষ ফাউন্ডেশনের ভেতরের পিকনিক স্পটসহ সব ধরনের আয়োজন; এমনকি খাবার নিয়েও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। মন্ত্রণালয়ের নির্দেশে এখন প্রধান ফটকে পর্যটকদের ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। কারও সঙ্গে কোনো খাবার থাকলে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
১৫০ বিঘা আয়তনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ফাউন্ডেশনে কোনো খাবারের দোকান না থাকায় পর্যটকেরা সমস্যায় পড়ছেন। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশু ও বয়স্ক পর্যটকদের।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৫ বছর ধরে ফাউন্ডেশনের ভেতরে পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া ও তিতাস নামে পাঁচটি পিকনিক স্পট পর্যটকদের কাছে ভাড়া দিয়ে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা দল বেঁধে এসব স্পট ভাড়া নিয়ে আনন্দ-উল্লাস করতেন। পর্যটকদের পদচারণে মুখর থাকত গোটা এলাকা। কিন্তু এবার সেই পরিস্থিতি নেই।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ফাউন্ডেশনের প্রধান ফটকে তল্লাশি করে পর্যটকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যাঁদের সঙ্গে খাবার আছে, তাঁদের ঢুকতে বাধা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। খাবার নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় অনেক পর্যটক নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন।
ঢাকার মিরপুরের সোহাগ আনোয়ার ও লাবণ্য শিলা দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে বেড়াতে এসেছেন। সোহাগ আনোয়ার বলেন, ‘শিশুদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু তা নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রধান ফটকে খাবার জমা রাখারও কোনো ব্যবস্থা নেই।’
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার পার্কিংয়ের সামনে দেখা গেল শতাধিক শিক্ষার্থী বসে আছেন। নয়ন হোসেন ও সিলভিয়া আজমিন নামের দুজন শিক্ষার্থী বলেন, তাঁরা ময়মনসিংহ থেকে এসেছেন ভেতরের পিকনিট স্পটে খাবার রান্না করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা চিন্তা করে। কিন্তু এখানে এসে দেখছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ সব ধরনের আয়োজন ও খাবার নিষিদ্ধ ঘোষণা করেছে।
ফাউন্ডেশনের হিসাব বিভাগ সূত্র জানায়, গত বছর পিকনিক স্পট থেকে ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রায় ৩০ লাখ টাকা আয় করেছিল। এ বছর এই রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। তা ছাড়া পিকনিক স্পট বন্ধ থাকায় এখানকার পর্যটন খাতেও বিরূপ প্রভাব পড়বে।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ফাউন্ডেশনের ভেতরে পিকনিক পার্টির রান্নাসহ খাবার পরিবেশন করলে প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ে—এই যুক্তি দিয়ে বনভোজন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়, যা অযৌক্তিক। পিকনিক স্পটগুলো জাদুঘর ও প্রশাসনিক ভবন থেকে অনেক দূরে। পিকনিক আয়োজন ও খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় পর্যটক কমে গেছে।