বনভোজনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ ঝরল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভটভটিতে করে বনভোজনে যাওয়ার পথে গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে। বাসটি জব্দ করেছে পুলিশ। একই দিন বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় লিটন আকন্দ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার আঙ্গরত কলোনি গ্রাম থেকে ভটভটিতে করে ২৫ যুবক ও কিশোর দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুরের দুর্গাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ভটভটিকে ধাক্কা দেয়। ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এর যাত্রী আঙ্গরত কলোনি গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (১৬), আবদুস সোবহানের ছেলে শাকিল (১১) ও আনোয়ার হোসেনের ছেলে আবদুস সালাম (১৫) নিহত হয়। এ ছাড়া আরও ২০ জন আহত হয়।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৬ জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আঙ্গরত কলোনি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও সারিয়াকান্দি থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি সারিয়াকান্দির ফুলবাড়ী থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে ফিরছিলেন লিটন। এ সময় আমতলী এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স কার্যালয়ের সামনে পেছন থেকে একটি অটোরিকশা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিটন আকন্দ গুরুতর আহত হন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান। লিটনের বাড়ি একই উপজেলার চরহরিণা গ্রামে।
এ খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ লোকজন সারিয়াকান্দি-বগুড়া সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি অটোরিকশা, পিকআপ ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যান ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জনতার সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে উপপরিদর্শক (এসআই) তৌহিদ আহত হন। এসআই তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধুনটে ব্যবসায়ী নিহত: আমাদের ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকালে মাছ ব্যবসায়ী বিপ্লব কুমার (৩০) সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী বাজার থেকে ভটভটিতে করে বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা দেন। পথে ধুনটের ঢকঢকিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বিপ্লব আহত হন। তাঁকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল তিনটার দিকে বাগবাড়ী এলাকায় তিনি মারা যান। তিনি কাজীপুরের চালিতাডাঙ্গা গ্রামের ভরসা কুমারের ছেলে।