বনভোজন করতে গিয়ে পৌরসভার কাউন্সিলর নিখোঁজ
বনভোজন করতে গিয়ে গত শুক্রবার বিকেলে গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিয়ার রহমান ওরফে লিটন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।পুলিশ জানায়, শুক্রবার সকালে গাইবান্ধার প্রাতর্ভ্রমণকারী সংগঠন ‘ভোরের ডাক’-এর উদ্যোগে সদর উপজেলার মোল্লারচরে বনভোজনের আয়োজন করা হয়। পৌর মেয়র শামছুল আলম ও কয়েকজন কাউন্সিলরসহ ৪২ সদস্যের একটি দল গাইবান্ধা থেকে শ্যালোচালিত নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে বনভোজনের উদ্দেশ্যে বের হন। তাঁরা মোল্লারচরে বনভোজন শেষে বিকেলে জেলা শহরে ফিরছিলেন। পথে নৌকাটি সন্ধ্যা ছয়টার দিকে ফুলছড়ি উপজেলার কাউয়ারচর এলাকায় পৌঁছালে মতিউর রহমান নদের পানিতে হাত ধোয়ার সময় পড়ে যান। সঙ্গে সঙ্গে সহযাত্রীরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ঘটনাস্থল থেকে শুরু করে পাঁচ কিলোমিটার দূরে ভাটিতে বুলবুলিরচর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গতকাল বিকেল পর্যন্ত তাঁকে পাননি। পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, ‘ফুলছড়ি ও বালাসিঘাট থেকে পুলিশের তিনটি নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া রংপুর থেকেও একটি ডুবুরির দল ঘটনাস্থলে গেছে। তারা খোঁজাখুঁজি শুরু করেছে।’