বনভোজন, তাই ১৫১ বিদ্যালয়ে ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ছুটি ঘোষণা করে গতকাল মঙ্গলবার বনভোজনের আয়োজন করেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। এতে সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা অতিথি হিসেবে যোগ দেন।
বনভোজনে যোগ দেওয়া কয়েকজন জানান, গতকাল দুপুরে আমতলী শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের মাঠে বড় প্যান্ডেল নির্মাণ করে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা যোগ দেন। ১৫১ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০৫ জন শিক্ষক এতে উপস্থিত ছিলেন।
বনভোজনের সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু একযোগে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারীকরণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের ভাগ্যোন্নয়নে আবার দেশের সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।
বনভোজন সম্পর্কে কয়েকজন অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন, এবার এমনিতেই হরতাল-অবরোধে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তার ওপর এভাবে ছুটি দিয়ে বনভোজন করা ঠিক হয়নি।
সচেতন নাগরিক কমিটির (সনাক) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিচুর রহমান বলেন, অনুষ্ঠানটি যেকোনো ছুটির দিনে করা উচিত ছিল।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, আগে কখনোই এভাবে প্রাথমিক শিক্ষকদের বনভোজন আয়োজন হয়নি। বনভোজনের জন্য প্রত্যেক শিক্ষকের কাছ থেকে বাধ্যতামূলক ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হয় এবং ১ লাখ ৫ হাজার ৭৫০ টাকা ওঠে। বাকি খরচ বহন করেন উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন বলেন, শিক্ষকদের বিভেদ দূর করতে এই মিলনমেলার আয়োজন করা হয়। এখন ছুটি দিয়ে করা ঠিক হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালো কিছু করার জন্য একবেলা ভাত না খেলে কী এসে-যায়।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘একসঙ্গে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি না দিয়ে যেকোনো বন্ধের দিনে অথবা পৃথকভাবে বনভোজন করা যেত।’