বনভোজনে এসে তুরাগ নদে দুই তরুণ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তুরাগ নদে গতকাল মঙ্গলবার দুই তরুণ নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ দুই তরুণ হলো গাজীপুরের কাশিমপুরের কুযরত আলী মোল্লাহর ছেলে মিনহাজ উদ্দিন মোল্লাহ (১৭) ও একই এলাকার ওলি উল্লাহর ছেলে মিজানুর রহমান (২৮)। মিনহাজ একটি সাউন্ড সিস্টেমের দোকানে চাকরি করত। আর মিজান ছিলেন মুদি দোকানদার।
সাভার মডেল থানার পুলিশ ও তরুণদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের কাশিমপুর এলাকার ২০ থেকে ২৫ জন যুবক, তরুণ ও কিশোর গতকাল সকালে ট্রলার নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় বনভোজনে আসে। তুরাগ নদের বিরুলিয়ার শ্মশানঘাট এলাকায় ট্রলার বেঁধে তারা খাওয়া-দাওয়ার আয়োজন করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে মিনহাজ তুরাগ নদে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে নদীতে নেমে মিজানুরও নিখোঁজ হন।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চালায়। ব্যর্থ হয়ে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের দুজন ডুবুরিকে আনা হয়। তাঁরা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেননি।