বনভোজনে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২
ঢাকার সাভারের তুরাগ নদে গোসল করতে নেমে এক তরুণ ও এক কিশোর নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।
নিখোঁজ দুজন হলেন গাজীপুরের কাশিমপুরের কুযরত আলী মোল্লার ছেলে মিনহাজ উদ্দিন মোল্লা (১৭) ও একই এলাকার ওলি উল্লাহর ছেলে মিজানুর রহমান (২৮)। মিনহাজ একটি ‘সাউন্ড সিস্টেমের’ দোকানে চাকরি করে। আর মিজান ছিলেন মুদি দোকানদার।
সাভার মডেল থানার পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ গাজীপুরের কাশিমপুর এলাকার ২০ থেকে ২৫ জন যুবক, তরুণ ও কিশোর ট্রলার নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় বনভোজনে যান। তাঁরা তুরাগ নদের বিরুলিয়ার শ্মশানঘাট এলাকায় ট্রলার বেঁধে খাওয়ার আয়োজন করছিলেন। এক ফাঁকে মিনহাজ তুরাগ নদে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে উদ্ধারে নদীতে নামলে মিজানুরও তলিয়ে যান।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, নিখোঁজ দুজনের সন্ধানের চেষ্টা চলছে।