বনভোজনের কথা বলে...
বন্ধু আকরামের আমন্ত্রণে তাঁরা দলবেঁধে নরসিংদীর মনোহরদী আসেন বনভোজনে। আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে আকরাম তাঁদের নিয়ে যান পৌর এলাকার হাররদিয়া এলাকায়। এ সময় আকরাম গিয়ে হামলা চালান স্থানীয় মহিলা কাউন্সিলর সামসুন্নাহারের বাড়িতে। তাঁর সঙ্গে বনভোজনের আমন্ত্রণ পেয়ে আসা বন্ধুদেরও হামলায় অংশ নিতে বাধ্য করেন। পুলিশ এসে হামলাকারীদের মধ্যে ১৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা সম্পর্কে বর্ণনা দেন থানায় আটক আকরামের বন্ধু হামিদুর রহমান ওরফে রাহাত। আটক হওয়া অন্যরা হলেন: রুবেল (২২), আকাশ (২৩), শাকিল (২৫), মাসুদ (২৪), আনোয়ার (২২), মোসলেম (২৫), আনোয়ার (২৪) রাশিদুল (২৩), সোহেল (২৩), সোহাগ (২২), কাউছার (২৪), ইকবাল (২৭), পলাশ (২৫), রুবেল (২৩), আকরাম (২৫), মানিক (২২) ও রনি (২২)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নয়াহাটি গ্রামে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০-১২ দিন আগে মনোহরদী বাজারের নসিমন চালক নুরুল ইসলাম ও স্থানীয় জালাল মিয়ার মধ্যে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে মনোহরদী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সামসুন্নাহারের ছেলে রিপন ও দেলোয়ার নুরুল ইসলামের পক্ষ নিয়ে জালালকে মারধর করেন। পরে সালিসে রিপন ও দেলোয়ার বলেন, নুরুল ইসলামের প্ররোচনায় তাঁরা জালালকে মারধর করেন। এতে মাতব্বরেরা নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। এতে নুরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে রিপন ও দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে তিনি তাঁর শ্যালক আকরামকে লোকজন নিয়ে আসতে বলেন। বনভোজনের কথা বলে আকরাম তাঁর বন্ধুদের এনে সংঘর্ষে লাগিয়ে দেন।কাউন্সিলর সামসুন্নাহার বলেন, ‘নুরুল ইসলামের নেতৃত্বে হামলাকারীরা বাড়িতে এসে আমার ছেলে রিপনকে মারার জন্য খোঁজ করে। রিপনকে না পেয়ে তারা ঘরের জিনিসপত্র ভাঙচুর ও লুট করে।’ এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নুরুল ইসলামকে মারধর করে আহত করেছে। তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় আটক হামিদুর রহমান বলেন, ‘আমরা কেউ সংঘর্ষে জড়াতে মনোহরদী আসিনি। বনভোজনের দাওয়াত দিয়ে আকরাম আমাদের নিয়ে আসে। তার কথায় আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ি।’আকরাম বলেন, ‘দুলাভাইয়ের কথামতো আমি তাদের নিয়ে এলেও হামলার জন্য আনিনি। পরিস্থিতির কারণে সবাইকে সংঘর্ষে লাগাতে হয়েছে।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় নুরুল ইসলামসহ ১৮ জনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করলে পুলিশ মামলা নেবে।