বনভোজনের বাস খাদে, নিহত ৩ আহত ২০
আনন্দে হইচই করতে করতে গতকাল শুক্রবার সকালে মিরপুরের বাইশটেকী এলাকা ছাড়ে বনভোজনের বাসটি। এর আধা ঘণ্টার মধ্যে মিরপুর বেড়িবাঁধ সড়কের রুস্তমপুরে অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দায়িত্বজ্ঞানহীন বাসচালক। বাসটি পড়ে যায় রাস্তার পাশের খাদে। আনন্দের কলকাকলি মুহূর্তেই পরিণত হয় আর্তচীৎকার আর হাহাকারে। বাসটি পরিণত হয় ধ্বংসস্তূপে। প্রাণ যায় তিনজনের আর আহত হন অন্তত ২০ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মাহবুবুল হক (২৭)। গুরুতর আহতাবস্থায় মাহাফুজুর রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসচালকের সহকারী আল-আমিন (২২)। এ ঘটনায় আহত সাত বাসযাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের পঙ্গু হাসপাতালসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত-নিহত ব্যক্তিদের সবাই বাইশটেকী এলাকারই বাসিন্দা। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বাইশটেকী এলাকার অনুপম ক্লাব নামের একটি সংগঠন এই বনভোজনের আয়োজন করে। তারা একটি বাস ভাড়া নিয়ে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে যাচ্ছিল। পথে বেড়িবাঁধের রুস্তমপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।বাসের যাত্রী আহত মোহাম্মদ হোসেন বসেছিলেন ইঞ্জিন কভারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, বাসটি মিরপুর বেড়িবাঁধ সড়কে ওঠার পরই চালক বেপরোয়া হয়ে ওঠেন। অন্য একটি পিকনিক বাসের সঙ্গে পাল্লা শুরু করেন চালক। চালক সামনের অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় উল্টোদিক থেকে আরেকটি বাস এসে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাশের খাদে নেমে পল্টি খায় বাসটি। দুমড়ে-মুচড়ে যায় পুরো বাস। বাসের ছাদ চ্যাপ্টা হয়ে সিটের সঙ্গে লেগে যায়।