বনভোজনের বাস খাদে, দুই শিক্ষার্থী নিহত
গাইবান্ধা-বালাসি সড়কে জেলা শহরের কাছে পুলবন্দি ফলিয়া এলাকায় বনভোজনের একটি বাস উল্টে খাদে পড়ে দুজন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে রাফিক মিয়া (১৪) ও আহসান আলীর ছেলে হাসান মিয়া (১৪)। রাফিক ও হাসান ফুলছড়ি উপজেলার খবিরিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত।
পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে খবিরিয়া দাখিল মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী দুটি বাসে দিনাজপুর জেলার বিনোদন কেন্দ্র ‘স্বপ্নপুরী’ যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে পুলবন্দি ফলিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারানোয় একটি বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রাফিক ও হাসান নিহত হয়।
ওই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, এ নিয়ে মামলা হয়েছে।