বনভোজনের বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ এ কে উচ্চ বিদ্যালয়ের সামনের বাজারে অপেক্ষা করছিল বাসটি। সকাল নয়টায় রংপুরের বিনোদনকেন্দ্র ভিন্নজগতে বনভোজনে যাওয়ার কথা শিক্ষার্থীদের। এ জন্য প্রস্তুতি নিচ্ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে দাঁড়ানো বাসের পেছনে মইয়ে ঝুলে খেলছিল বকশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সোহান মিয়া (৬)।
চালক বাসটি চালু করার সঙ্গে সঙ্গে সোহান মই থেকে ছিটকে পড়ে বাসের চাপায় গুরুতর আহত হয়। তাকে পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। সোহান মারা যাওয়ার পর বনভোজন পণ্ড হয়ে যায়। ঘটনার পর থেকে চালক পলাতক।
সোহানের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষক ও চালকের অবহেলার কারণে আমার ছেলে মারা গেছে। আপনারা আমার ছেলে এনে দেন।’
বকশিগঞ্জ এ কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন মিয়া বলেন, বাসের চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে বনভোজনও বাতিল করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।