বনমন্ত্রীর দাবি বাংলাদেশে বাঘের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘ : বিশ্ব বাঘ দিবস ছিল গতকাল। চট্টগ্রাম চিড়িয়াখানার দুই অতিথি ‘রাজ’ আর ‘পরি’ বেশ কিছু দিন ধরেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে তাদের। ছবিটি বিকেলে তোলা l সৌরভ দাশ
বাঘ : বিশ্ব বাঘ দিবস ছিল গতকাল। চট্টগ্রাম চিড়িয়াখানার দুই অতিথি ‘রাজ’ আর ‘পরি’ বেশ কিছু দিন ধরেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে তাদের। ছবিটি বিকেলে তোলা l সৌরভ দাশ

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, ‘সারা পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে। বরং এখানে বাঘের সংখ্যা বাড়ছে। কোনো কোনো পত্রিকায় বাঘের যেসব পরিসংখ্যান দেওয়া হয়, এটা আমাদের পরিসংখ্যান না। বাংলাদেশের সম্ভাবনাকে এখনো অনেকে স্বীকার করতেই রাজি না। আমাদের এখানে বাঘ সুরক্ষিত আছে।’

গতকাল শনিবার বাগেরহাটে বিশ্ব বাঘ দিবসের আলোচনায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এ দাবি করেন। ঢাকার বাইরে সুন্দরবনসংলগ্ন জেলা বাগেরহাটে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করল বন বিভাগ। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’।

২০১৫ সালে বাঘ দিবসের আগে বন বিভাগ বাংলাদেশে বাঘের সংখ্যা নিয়ে একটি জরিপ চূড়ান্ত করে। তাতে বলা হয় সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি। ওই বছর বন দিবসের আলোচনায় পরিবেশ ও বনমন্ত্রীকে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চান সাংবাদিকেরা। তিনি উত্তরে বলেছিলেন, সুন্দরবনের বাঘেরা ভারতে বেড়াতে গেছে। সেখান থেকে ফিরে এলে বাঘের সংখ্যা বাড়বে।’

বন বিভাগ থেকেও বলা হয়, তারা ২০১৬ সালে বাঘের সংখ্যা নিয়ে আরেকটি জরিপ করবে। কিন্তু গত দুই বছরে বাঘের ওই জরিপ শেষ করে প্রতিবেদন প্রকাশ করতে পারেনি পরিবেশ ও বন মন্ত্রণালয়। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বিশ্ব বাঘ সম্মেলনে ১৩টি দেশ ঘোষণা করে তারা ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করবে।

বাঘের সংখ্যা বৃদ্ধিসংক্রান্ত বনমন্ত্রীর এ দাবির ব্যাপারে জিজ্ঞেস করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, দেশে এযাবৎ করা জরিপগুলোতে বাঘের সংখ্যা কমার প্রবণতা দেখে গেছে। গত দুই বছরে সুন্দরবনে এমন কোনো ইতিবাচক পরিবর্তন দৃষ্টিগোচর হয়নি যে বাঘের সংখ্যা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন বাঘ হত্যার শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব করেন।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম বলেন, ভবিষ্যতে যেসব এলাকায় বাঘ রয়েছে, সেখানেই জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকত আলী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহম্মেদ, বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক জাহিদুল কবির, খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমির হোসেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন প্রমুখ।