বনমন্ত্রীর ভাইসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন লাগানোর ঘটনায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চট্টগ্রামের আদালতে মামলাটি করেন। বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান অভিযোগ গ্রহণ করে তা একজন সহকারী পুলিশ সুপার দিয়ে তদন্তের আদেশ দেন।

মামলায় বনমন্ত্রীর ভাই খালেদ মাহমুদ ছাড়াও মন্ত্রীর ঘনিষ্ঠ এমরুল করিম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদারসহ ৩৯ জনের নাম রয়েছে। ওই দুজন বাদে অন্যরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মী। গত শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর খামারবাড়িতে উপজেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। আগের দিন রাতে দুর্বৃত্তরা ইফতার মাহফিলের প্যান্ডেল ও আসবাব ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। ইফতার মাহফিল প্রাঙ্গণের ১৫০ গজ অদূরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে মানবতাবিরোধী অপরাধে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে পাল্টা সমাবেশের ডাক দেয় রাঙ্গুনিয়া যুবলীগ। পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন শুক্রবার সকালে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বাদীর আইনজীবী মোহাম্মদ ইউসুফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৪, ৪৩৫, ৪৩৬ ও ৪৮৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশ সুপারের নিযুক্ত একজন সহকারী পুলিশ সুপারের মাধ্যমে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।