বনমন্ত্রীর ভাইয়ের গাড়ির সঙ্গে সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হারুন (৪০) নামের এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।
মাইক্রোবাসটিতে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ উল্লাহ বাহার প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাঙ্গুনিয়া থেকে মাইক্রোবাসে করে নগরীতে ফিরছিলেন এরশাদ সাহেব। উপজেলার পোমরা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অটোরিকশার চালক হারুন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘মাইক্রোবাসটিতে ছিলেন বন ও পরিবেশমন্ত্রীর ভাই এরশাদ সাহেব। তবে তিনি চালকের আসনে ছিলেন না।’
থানায় মামলা ও মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে মুরাদ উল্লাহ বাহার বলেন, ‘মামলা হয়নি। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি চলে গেছে।’