বনরুইটি পেল নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বিক্রির চেষ্টাকালে একটি বনরুই উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। এর ওজন ছয় কেজি, দৈর্ঘ্য সাড়ে তিন ফুট। গতকাল সোমবার দুপুরে বনরুইটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন একজন বিক্রেতা। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনরুই বিক্রি আইনত নিষিদ্ধ। এদিকে উদ্ধারের পর গতকাল বিকেলেই বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে আমির হোসেন নামের এক ব্যক্তি বনরুইটি বিক্রির জন্য কস্তুরাঘাটে নিয়ে আসেন। এটি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন। বিক্রেতা বনরুইটির দাম হাঁকেন সাত হাজার টাকা। দুই হাজার, তিন হাজার করে মহেশখালীর এক ব্যক্তি বনরুইটি পাঁচ হাজার টাকায় কিনে নিতে সম্মত হন। কিন্তু ততক্ষণে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে হাজির হন। তাঁরা বনরুইটি উদ্ধার করতে সক্ষম হলেও বিক্রেতা পালিয়ে যান। বিপুল কৃষ্ণ দাশ বলেন, উদ্ধারের পর বিকেলেই প্রাণীটিকে হিমছড়ি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বনরুইটি অবমুক্তির সময় উপস্থিত ছিলেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ স্থানীয় লোকজন। দীপক শর্মা বলেন, ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনরুই পরিবেশের ভারসাম্য রক্ষা করে।