বনলতায় মহাদুর্ভোগ
রাজশাহী সিটি করপোরেশনের বনলতা আবাসিক এলাকায় বসবাসকারীরা রাস্তাঘাট নিয়ে মহাদুর্ভোগে পড়েছেন। দুই প্রতিষ্ঠানের ঠেলাঠেলির কারণে সংস্কার না হওয়ায় তাঁরা এই ভোগান্তির শিকার।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)বলছে, এটা সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। আর সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই আবাসিক এলাকা এখনো আরডিএর অধীনে রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন বলেন, এই আবাসিক এলাকা থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অনেক উঁচু। এখান থেকে বর্ষার পানি বের হওয়ার জায়গা নেই। রাস্তাঘাটও ২০ বছর আগের। তিনি এবার বেশ কয়েকটি জায়গা দিয়ে পানি বের করার ব্যবস্থা করেছেন। আগামী মাসের দিকে তাঁরা ড্রেনের কাজ করতে পারবেন বলে আশা করছেন। এ কাজ করতে পারলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। আর রাস্তাঘাট অনেক আগের। এগুলোও রক্ষণাবেক্ষণ করা হয় না। বর্ষায় পুরো আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ জন্য মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, তাঁদের এই প্রকল্প শেষ হয়ে গেছে। প্রকল্প শেষ হয়ে গেলে আর বরাদ্দ থাকে না। এ জন্য আর রক্ষণাবেক্ষণ করা যায় না। এটা এখন সিটি করপোরেশনের দেখার দায়িত্ব।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক দাবি করেছেন, বনলতা আবাসিক এলাকাটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। অনেক লাভজনক প্রকল্পই আরডিএ তাঁদের হস্তান্তর করেনি।