বনশিল্পে অনিয়ম, ১৭৮ জনের নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা লঙ্ঘন, অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠায় বনশিল্প ও উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) ১৭৮ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ স্থগিত করা হয়েছে।
এ নিয়োগের ফল প্রকাশের পর থেকে বিএফআইডিসির কর্মকর্তা-কর্মচারী, যৌথ দর-কষাকষি এজেন্সির (সিবিএ) নেতাসহ বিভিন্ন মহলে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে অভিযোগ ওঠে।
নিয়োগের ফলাফল স্থগিত করাসহ পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রীর একান্ত সচিব।
জানতে চাইলে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেন, এ নিয়োগ-প্রক্রিয়া নিয়ে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নিয়োগ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ১৭ মার্চ বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত নির্বাচিতদের ফলাফলের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৩ মার্চের তারিখ দিয়ে ২২টি পদে ১৭৮ জনের নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। প্রার্থীদের ৭ এপ্রিলের মধ্যে যোগদান না করলে নিয়োগ বাতিল করা হবে বলেও জানানো হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ নিয়োগের বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ৪৭৪টি পদের ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু কিছু নিয়োগ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হয়।
সূত্র জানায়, ব্যবস্থাপক (হিসাব) থেকে সুইপার পর্যন্ত এ নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয় ২০১২ সালে। এ জন্য ৩১ হাজার দরখাস্ত গ্রহণ করা হয়েছিল। ঈদের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা নেওয়ারও অভিযোগ রয়েছে। যে কারণে অনেক প্রার্থী অংশ নিতে পারেননি।

পুরোটাই অনিয়ম: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, এ নিয়োগ-প্রক্রিয়ার পুরোটাতেই অনিয়ম করা হয়েছে। নিয়োগে মুক্তিযোদ্ধা, পোষ্য কোটাসহ কোনো ধরনের কোটা-প্রক্রিয়া মানা হয়নি। চাকরির নিয়োগ-প্রক্রিয়ায় সর্বনিম্ন পদ থেকে সর্বোচ্চ পদে একই ধরনের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পদভিত্তিক প্রশ্নপত্রের মানদণ্ড নির্ধারণ করা হয়নি। নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের ৭০ নম্বরের মধ্যে পাস নম্বর ২৮ হলেও অনিয়ম করে ২২ নম্বর পাওয়া অকৃতকার্যদেরও উত্তীর্ণ করে নিয়োগ দেওয়া হয়েছে। দরখাস্তে যে বয়সের কথা বলা হয়েছিল, তা অনেকের ক্ষেত্রেই না মেনে বেশি বয়সের প্রার্থীদের নেওয়া হয়েছে।

নিয়োগ পাননি মাস্টাররোলের একজনও: সূত্র জানায়, নিয়োগ-প্রক্রিয়ায় অস্থায়ীভাবে যাঁরা বিএফআইডিসিতে কর্মরত রয়েছেন, তাঁদের প্রাধিকার দেওয়ার কথা থাকলেও কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। ১৫ থেকে ১৬ বছর ধরে মাস্টাররোলে শূন্য পদে নিয়োজিত কর্মচারীদের চাকরিতে স্থায়ী না করে উেকাচের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাসার কাজের লোককেও অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সব প্রক্রিয়া হয়েছে চেয়ারম্যানের বাসভবনে: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএফআইডিসির চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া নিজ দপ্তরে এসব নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না করে তাঁর বাসভবনে নিয়োগ কমিটির কর্মকর্তাদের ডেকে নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

বিএফআইডিসির জনসংযোগ কর্মকর্তাকে জোর করে, চাকরিচ্যুতির ভয় দেখিয়ে আগের তারিখে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করে পত্রিকায় প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কখনো ফলাফল এমনভাবে পত্রিকায় প্রকাশ করা হয়নি। পত্রিকায় ফল প্রকাশের পর সবাই বিষয়টি জেনে গেছেন এবং নানা ধরনের অভিযোগ আসতে থাকে। কেউ কেউ এমনো অভিযোগ করেছেন, তাঁদের স্বজনের জন্য তাঁরা উেকাচ দিয়েছেন কিন্তু চাকরি হয়নি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বিএফআইডিসির চেয়ারম্যানকে বেশ কয়েকবার ফোন করলে তিনি ধরেননি। বিএফআইডিসি কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
নিয়োগ কমিটির সদস্য সচিব মীর আলী রেজা গতকাল এ নিয়োগ-প্রক্রিয়া নিয়ে ওঠা সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) প্রশ্নপত্র তৈরি করেছে। তাই প্রশ্নপত্রে কোনো অনিয়ম করার প্রশ্নই ওঠে না।
কোটা প্রসঙ্গে বলেন, যেসব জেলায় মুক্তিযোদ্ধা পাওয়া যায়নি, সেসব স্থানে কোটা খালি রাখা হয়েছে। নিয়োগবিধিতে পোষ্য কোটার কথা বলা ছিল না। এ ছাড়া জেলা কোটা মানা হয়েছে। নম্বর নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তবে বোর্ডে উপস্থিত হলেই তাঁকে ন্যূনতম ১৫ নম্বর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেশি বয়সের প্রার্থীদের নেওয়ার বিষয়ে এই যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা জানান, নিয়োগবিধিমালায় বলা আছে সরাসরি নেওয়া যাবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বাড়ির কাজের লোককে নিয়োগের বিষয়ে সদস্য সচিব বলেন, ‘হতে পারে, আমার জানা নেই।’
চেয়ারম্যানের বাসভবনে নিয়োগ কমিটির কর্মকর্তাদের যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘নথিপত্র স্বাক্ষরের জন্যই তাঁর বাসায় গিয়েছি। অতীতে এসব নিয়োগপত্র চেপে রেখে যাঁরা চাকরি পেতেন, তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হতো। এ কারণে এবার ফলাফল পত্রিকায় প্রকাশ করা হয়েছে।’
সদস্য সচিব জোর দিয়ে বলেন, এ নিয়োগ-প্রক্রিয়ায় বিএফআইডিসির চেয়ারম্যান কোনো ধরনের হস্তক্ষেপ করেননি।
নাম না-প্রকাশ করার শর্তে নিয়োগ কমিটির অন্য কর্মকর্তারা বলেন, অনেকের সুপারিশ রাখা হয়নি, আত্মীয়দের চাকরি হয়নি বলেই এ নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।