বনশ্রীতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রীতে গতকাল সোমবার রাতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলো নুসরাত আমান (১২) ও আলভী আমান (৬)।
পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোঁরা থেকে আগের দিন আনা খাবার গতকাল দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্তোরাঁর মালিককে আটক করেছে।
নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তানই ছিল।
আমান উল্লাহর বন্ধু জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত রোববার আমান-জেসমিন দম্পতির বিবাহবার্ষিকী ছিল। এ উপলক্ষে রোববার রাতে আমান স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে খাবার কিনে বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের বাসায় নিয়ে যান। ওই রাতে তিনি, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে ওই খাবার খায়। অবশিষ্ট কিছু খাবার ফ্রিজে রেখে দেওয়া হয়। গতকাল দুপুরে সেই খাবার গরম করে নুসরাত ও আলভীকে খেতে দেওয়া হয়। খাওয়ার পর জেসমিন ও তাঁর দুই সন্তান ঘুমিয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে জেসমিন সন্তানদের অনেক ডাকাডাকি করলেও তারা ঘুম থেকে ওঠেনি। তারা বিছানায় নিথর অবস্থায় পড়ে ছিল। এতে উদ্বিগ্ন হয়ে জেসমিন বিষয়টি মুঠোফোনে স্বামীকে জানান। বাড্ডায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা আমান ফোনে বিষয়টি তাঁকে (জাহিদুল) জানান। তিনি দ্রুত আমানের বাসায় গিয়ে দেখেন, দুই শিশুই নিথর পড়ে আছে। তাদের সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তাদের জ্ঞান ফেরেনি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দুজনকেই রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সূত্র বলেছে, শিশুদের মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আমান-জেসমিন দম্পতি সন্তানদের মৃত্যুর খবর শুনে জরুরি বিভাগের সামনে নির্বাক বসে ছিলেন। এক স্বজন তাঁদের সান্ত্বনা দিতে এলে আমান উল্লাহ ডুকরে কেঁদে বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সব শেষ হয়ে গেল।’
জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যজনক। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ওই বাসা থেকে চায়নিজ রেস্তোরাঁর অবশিষ্ট খাবার নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। খাবারগুলো পরীক্ষা শেষে জানা যাবে এতে কোনো সমস্যা ছিল কি না। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্তোরাঁর মালিককে আটক করা হয়েছে।