বনশ্রীতে দুই শিশু হত্যা: রেস্তোরাঁর তিনজনের জামিন
রাজধানীর বনশ্রী এলাকায় দুই শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া রেস্তোরাঁ মালিকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান জামিনের এ আদেশ দেন।
আজ সকালে আদালতে ওই তিনজনের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন, রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, পাচক (শেফ) মো. আসাদুজ্জামান ও আতাউর রহমান।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় শিশু নুসরাত আমান ও আলভী আমান। এই হত্যার দায় স্বীকার করেছেন শিশু দুটির মা মাহফুজা মালেক জেসমিন। তা ছাড়া শিশু দুটির লাশের ময়নাতদন্তেও শ্বাসরোধে হত্যা করার কথা বলা হয়েছে। তবে তার আগে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ওই রেস্তোরাঁর খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। এ কারণে রেস্তোরাঁর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।