বনশ্রী এলাকার সড়ক উন্নয়ন, সড়কবাতি লাগানো, গৃহস্থালি ময়লা সংগ্রহ, এলাকার নিরাপত্তা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নমূলক কাজ করে বনশ্রী কল্যাণ সমিতি। ২২ জুলাই বনশ্রী কল্যাণ সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বনশ্রীর বাসিন্দারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরছেন। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন সুযোগ-সুবিধার।
বনশ্রী এলাকায় ‘এ’ থেকে শুরু করে ‘এন’ পর্যন্ত ১৪টি ব্লক আছে। কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী বর্তমানে এলাকার বাসিন্দা দেড় লাখের বেশি। আর কল্যাণ সমিতির সদস্য ভোটার ১ হাজার ৯৮৮ জন। ২০১৬-১৮ মেয়াদে কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার দুটি পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এক পরিষদের নেতৃত্বে আছেন বিদায়ী কমিটির এবং এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এ বাতেন চৌধুরী ও নুরুল কবির। অন্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম ও আবদুল হক।
বিদায়ী কমিটির এবারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বনশ্রী এলাকায় কোনো সড়ক তৈরি বা সংস্কার সিটি করপোরেশনের পক্ষ থেকে করা হয়নি। বনশ্রী কল্যাণ সমিতি সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে প্রায় ৪০টি সড়ক নির্মাণ করেছে। সড়কবাতি লাগানো, গৃহস্থালি ময়লা সংগ্রহ, মশার ওষুধ ছিটানোর কাজও করছে কল্যাণ সমিতি।
তবে অন্য পরিষদের সভাপতি প্রার্থী আবুল কালাম প্রথম আলোকে বলেন, সুন্দর লোকেশনে অবস্থান হওয়া সত্ত্বেও সুষ্ঠু ও পরিকল্পিত প্রয়াসের অভাবে বনশ্রী দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। গত পরিষদ একাধারে ১০ বছর দায়িত্ব পালনকালে বনশ্রীর উন্নয়নে বাস্তবমুখী ও পরিকল্পিত নগরায়ণের চিন্তা না করায় সার্বিক দৃশ্য হতাশাজনক।
বনশ্রী এলাকার বাসিন্দারা পৌর কর না দেওয়ায় সিটি করপোরেশনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এবারের কল্যাণ সমিতির নির্বাচনে এই পৌর কর কবে দেওয়া হবে, বকেয়া পৌর কর দিতে হবে কি না, বিষয়টি ঘুরেফিরে আসছে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পরিষদের ইশতেহারে বলা হয়েছে, যেদিন থেকে বনশ্রীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত করে সরকারি গেজেট হবে, সেদিন থেকেই পৌর কর দিতে হবে। বকেয়া পৌর কর দিতে হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই পরিষদের পক্ষ থেকে।
বনশ্রী ও আফতাব নগর আবাসিক এলাকার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে রামপুরা খাল। দুই পারেই আবাসিক এলাকা। বনশ্রীতে আছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। আফতাব নগর থেকে শিক্ষার্থীদের এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে একাধিকবার সাঁকো পার হতে হয়। আফতাব নগরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বনশ্রী থেকে অনেক শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয়ে যেতে হয়।
এ-ব্লক থেকে মেরাদিয়া বাজার পর্যন্ত বাসিন্দাদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য আছে বাঁশের সাঁকো। তবে বেশির ভাগ লোকই খাল পারাপারে নৌকা ব্যবহার করেন। গতকাল সমিতির কার্যালয়ে ভোটার কার্ড নিতে আসা একজন বাসিন্দা বলেন, বনশ্রীবাসীর দীর্ঘদিনের দাবি রামপুরা খালের ওপর স্থায়ী সেতু নির্মাণ। দুই পরিষদই নির্বাচিত হলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে। খাল পারাপারে স্থায়ী ব্যবস্থা হওয়া দরকার।
রামপুরা সেতু থেকে বনশ্রী প্রধান সড়ক ধরে এগোলে কয়েক জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। বনশ্রীর সি-ব্লকে খাল পাড়ে ফেলা ময়লা-আবর্জনা খালের অনেকখানি জুড়ে ছড়িয়ে পড়েছে। পানির সঙ্গে ময়লা মিশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কের এই ময়লা বনশ্রীবাসীর দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ।
বনশ্রীর বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে দুই পরিষদই এলাকার নিরাপত্তা জোরদার করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো, প্রতিটি সড়কে লোহার গেট বসানো, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ক্ষেত্রে কোটা চালু করা, খালের পাড় পরিষ্কার করে হাঁটা পথ বানানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে।