বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধার
রামপুরার বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের রামপুরায় থানায় রাখা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া এক শিশুর চাচার অভিযোগের ভিত্তিতে আজ শনিবার দুপুরে পুলিশ বনশ্রী এলাকার সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় ওই অভিযান চালায়।
উদ্ধার হওয়া ১০ শিশু হলো মোবারক হোসেন (১৪), আবদুল্লাহ আল মামুন (১১), বাবুল (১০), আব্বাস (১০), স্বপন (১১), ইব্রাহিম আলী (১০), রাসেল (১০), ফরহাদ হোসেন (৯), আকাশ (৯), ও রফিক (১৪)। আর আটক চারজন হলেন আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলো কে বলেন, শিশু মোবারকের চাচা মুনীর হোসেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। এখন এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে। শিশুদের তেজগাঁও ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। কিন্তু সেখানে ছেলে শিশুদের রাখার নিয়ম না থাকায় আবার তাদের রামপুরা থানায় ফেরত আনা হয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

আটক আরিফ জানান, তাঁরা অদম্য বাংলাদেশ নামে একটি এনজিও চালান। এই এনজিওর অধীনেই তাঁরা পথ শিশুদের এখানে রেখে পড়াশোনা করান, কম্পিউটার শেখান, যাতে ভবিষ্যতে তারা মানুষ হতে পারে। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে ৯ জনই পথশিশু। আর মোবারক বাড়ি থেকে রাগ করে চলে আসে।
অবশ্য উপকমিশনার আনোয়ার হোসেন বলেছেন, বাসার সামনে কোনো এনজিও সাইনবোর্ড ছিল না। এই প্রতিষ্ঠানটি পুলিশকেও কোনো কিছু অবহিত করেনি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বনশ্রীর ওই বাড়িটির বিভিন্ন ফ্ল্যাটে মেস হিসেবে ভাড়া থাকে। ওই বাড়ির নিরাপত্তারক্ষীর স্ত্রী আলেয়া বেগম জানান, মূলত মাস আগে ষষ্ঠ তলার ওই বাসাটি ভাড়া নেয় আরিফ। মাঝে মাঝে জাকিয়া শিশুদের জন্য খাবার নিয়ে আসত। শিশুরা মাঝে মাঝে নিচে গোসল করতে নামত। তারা সেখানে কী করে জানতে চাইলে বলত ভাইয়া আপুরা তাদের লেখাপড়া শেখায়। তারা মানুষ হবে।

শিশু মোবারক জানায়, তার বাসা সিপাহিবাগ। বাসা থেকে রাগ করে সে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছিল। এ সময় আরিফ ও জাকিয়া তাকে এখানে নিয়ে আসে। অবশ্য কয়েক দিন পর সে চলে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি। ওই বাসার কাজের লোকের মাধ্যমে সে তার মাদ্রাসা শিক্ষকদের খবর দেয়।
পুলিশ জানায়, শিক্ষকেরা মোবারকের বাসায় জানায়। এরপর মোবারকের চাচাকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়।