বনশ্রীর প্রধান সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রীর প্রধান সড়ক বেহাল। সড়কে ছোট-বড় গর্ত। ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগে পড়ছে এলাকাবাসী। সড়কের ভাঙা অংশে জমে থাকছে বৃষ্টির পানি। সড়কের এক পাশে পানিনিষ্কাশনের পাইপ বসানোর জন্য খোঁড়া গর্ত ভোগান্তি আরও বাড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার বনশ্রীর প্রধান সড়ক ঘুরে দেখা যায়, রামপুরা সেতু থেকে বনশ্রী এলাকায় প্রবেশ করতেই প্রধান সড়ক ভাঙাচোরা। বনশ্রী থকে হাতিরঝিলে যানবাহন যাতায়াতের জন্য তৈরি ইউলুপের সামনে, বনশ্রী কেন্দ্রীয় মসজিদ, বি ব্লক, সি ব্লকের ব্র্যাক ব্যাংকের সামনে সড়কের অবস্থা বেশি খারাপ।
এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এই সড়ক কয়েক বছর আগে ভালো ছিল। সড়কটি দিয়ে ভারী ট্রাক, লরি চলাচল করায় এবড়োখেবড়ো অবস্থা। শেষ কবে পিচ ঢালাই হয়েছিল, তা দেখে বোঝার উপায় নেই। বৃষ্টির পানি জমে প্রতিনিয়তই গর্তগুলো বড় আকার ধারণ করছে। ফলে চলাচলে ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা।
প্রধান সড়কের সি ব্লকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা যায়, যানবাহনগুলো খুব ধীরগতিতে গর্ত দেখে সতর্ক হয়ে চলছে। গর্তগুলোতে পানি জমে থাকায় সেগুলোর গভীরতা বোঝারও উপায় নেই। সড়কের মাঝামাঝি পিচ ঢালাই করা আর দুপাশে মাটির অংশ। কোনো পাশেই ফুটপাত না থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বনশ্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হক প্রথম আলোকে বলেন, সড়কটির খুবই দুরবস্থা। কেন্দ্রীয় মসজিদের সামনের সড়ক একদমই চলার অনুপযোগী। মাঝেমধ্যে গর্তগুলোতে ইট, সুরকি ফেলা হয়। বড় ট্রাক, লরি চলাচল করায় সেগুলো খুব একটা টেকে না।
বনশ্রী এলাকায় অন্তত ১০টি বিদ্যালয় ও কলেজ আছে। ধুলার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলে, বিদ্যালয়ের সামনে সারাক্ষণই ধুলায় অন্ধকার হয়ে থাকে। গর্ত খোঁড়ায় হাঁটা যায় না। প্রতিদিন বাড়ি গিয়ে বিদ্যালয়ের পোশাক ধুয়ে দিতে হয়।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে সড়কের দক্ষিণ পাশে ঢাকা ওয়াসার পানির লাইন বসানোর কাজ হচ্ছে। সড়কের উত্তর পাশে সারি দিয়ে পানিনিষ্কাশনের অব্যবহৃত পাইপ পড়ে থাকতে দেখা যায়। সড়কে খোঁড়া গর্ত যেনতেনভাবে ভরাট করা হয়। যানবাহনের চাকার সঙ্গে মাটির ঘষায় ধুলা তৈরি হচ্ছে।
সড়কের পাশের দোকানদারেরা সড়কের এমন অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বি ব্লকের ব্যবসায়ী খালেদ রহমান বলেন, ‘এই কয়েক মাস ধুলায় কষ্ট পেয়েছি। এখন বৃষ্টির মৌসুম শুরু না হতেই কাদায় মাখামাখি। ধুলা-কাদায় ক্রেতাও কমে গেছে।’
সড়ক সংস্কারের বিষয়ে কথা বলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।