বনসাই প্রদর্শনীতে 'সেভ সুন্দরবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী চলছে। প্রদর্শনীটি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী চলছে। প্রদর্শনীটি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

তেঁতুল, লাল পাতার বট, তমাল, রাইটিয়া, থাই কতবেল, হানি লোকাস্ট, কামিনীসহ অনেক গাছ ঘরের মধ্যেই আছে। শুধু তাই নয়, পাহাড়ে যেভাবে গাছ হেলে থাকে তা-ও আছে। আছে সুন্দরবনের সুন্দরী গাছও।

আজ বৃহস্পতিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৮তম বার্ষিক বনসাই প্রদর্শনীতে দেখা মেলল গাছগুলোর। চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি। এতে সার্বিক সহায়তা করেছে গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকেরা এ প্রদর্শনী দেখার ও এখান থেকে কেনার সুযোগ পাবেন।

সোসাইটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, বনসাই একটি জাপানি নাম। এর অর্থ ‘ট্রি ইন এ ট্রে’। অগভীর নির্দিষ্ট মাপের সামঞ্জস্যপূর্ণ পাত্রে বড় গাছকে ছোট করে রাখার কলাকৌশলই হলো বনসাই। বনসাইয়ের উৎপত্তি চীনে। চীনারা বনসাইকে সৌভাগ্যের প্রতীক মনে করে। পরে জাপানসহ অন্যান্য দেশেও এর চর্চা শুরু হয়। বাংলাদেশেও এখন এ শিল্পটি বেশ পরিচিতি পেয়েছে।

সকালে প্রদর্শনীর সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা বলেন, বর্তমানে বিভিন্ন কারণে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না। বনসাই শিল্পীরা ওই ধরনের গাছগুলো সংরক্ষণ করছেন।

বাংলাদেশ বনসাই সোসাইটির সভাপতি নাজমা শফিক বলেন, পুঁজি স্বল্পতার কারণে বছরে মাত্র একবারই বনসাই প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হচ্ছে। এটিও সম্ভব হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অনুদান দিয়ে। এখন পর্যন্ত গৃহিণীরাই বনসাই প্রশিক্ষণ বেশি নিচ্ছেন। তাঁদের পাশাপাশি তরুণেরাও এ শিল্পের প্রশিক্ষণ নিলে তা দিয়ে তাদের হাত খরচ মেটাতে পারবে।

প্রদর্শনীতে বাংলাদেশ বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক আনিসুল হকের ফাইকাস, সেরিসা, ফার্ন, মস, চট্টগ্রামের পাহাড়ের কাঠ, ঝামা ইট দিয়ে তৈরি সিমেন্টের ট্রেতে পাশাপাশি রাখা তিনটি বনসাই আছে। বনসাইগুলোর পাশে দাঁড়ালে মনে হবে কেউ পাহাড়ের কাছাকাছিই দাঁড়িয়ে আছেন। এ বনসাইয়ের দাম রাখা হয়েছে এক লাখ ১১ হাজার টাকা। তিনি ‘সুন্দরবন বাঁচাও’ আন্দোলনে শরিক হতে তৈরি করেছেন একটি বনসাই। সুন্দরী গাছের বনসাইয়ের ট্রেতে বাঘের মাথা, হরিণ ও বিদ্যুতের প্রতীক বসিয়েছেন। পাশে লিখেছেন ‘সেভ সুন্দরবন’। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা।

সন্তানের স্কুল ছুটির পর মারজুমান্দ ও রাসেল আহমেদ দম্পতি এসেছেন প্রদর্শনী দেখতে। জানালেন, তাঁদের বাসায় ২৫ বছর বয়সী একটি বনসাই আছে। এখানে নতুন কী এল তাই দেখতে এসেছেন।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি ও শিল্পী মুস্তাফা খালীদ, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী প্রমুখ।