বনসাই বাড়িতে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনসাই বাগানে গাছ পরিচর্যা করছেন এম জি জাকারিয়া  সৌরভ দাশ
বনসাই বাগানে গাছ পরিচর্যা করছেন এম জি জাকারিয়া সৌরভ দাশ

বাড়িতে ঢোকার মুখেই বিস্ময়। দরজায় গাছের গুঁড়ির ওপর সবুজ আনাকোন্ডা সাপ! সামনের পাঁচিলেও সারি সারি বৃক্ষ। সিঁড়ি ভেঙে দোতলা বাড়ির ছাদে উঠতেই আরও চমক। ছাদজুড়ে বয়সী বৃক্ষের সম্ভার। অশ্বত্থের ছায়ায় হিজলের ঝিরিঝিরি বাতাস। কোনায় বাগানবিলাস সদর্পে জানান দিচ্ছে তার অবস্থান। কাঁঠালি বটের ফাঁকে আমলকি আর তেঁতুল। তার পাশে ভূতের গাছ শেওড়া!
বৃক্ষ, কিন্তু চেহারাটা অন্যরকম—কোনোটি স্মৃতিসৌধ, কোনোটি আলিঙ্গনরত যুগল, কোনোটিতে মন্দিরের চূড়া কিংবা সাপের আদল। ভাবছেন, ছাদের ওপর আবার বৃক্ষের সারি কীভাবে? বৃক্ষই বটে, তবে বনসাই বাগান। যেন এক খুদে অরণ্য ছাদের ওপর। চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সরাইপাড়ায় এ বাগান গড়ে তুলেছেন বনসাই শিল্পী এম জি জাকারিয়া। ২১ বছর ধরে নিতান্ত শখের বশে গড়ে তুলেছেন এই সবুজের সংসার।

স্মৃতিসৌধের আদলে করা অশ্বথ
স্মৃতিসৌধের আদলে করা অশ্বথ

আমরা যখন সরাইপাড়া পৌঁছি, তখন তাতানো রোদ। ঘড়ির কাঁটা ১২টার কাছাকাছি। এই তপ্ত রোদেও ছাদে সবেমাত্র গাছে পানি দেওয়া শেষ করেছেন জাকারিয়া। অশ্বত্থের একটি বড় টব এক পাশ থেকে সরিয়ে রাখছেন আরেক পাশে। দর দর করে ঘামছেন। কিন্তু্র কোনো ক্লান্তি নেই। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে বললেন, ‘আপনাদের অপেক্ষায় ছিলাম। আসতে দেরি দেখে কিছু কাজ সেরে নিচ্ছি।’ এত বড় ভারী টব একা সরাচ্ছেন? বলতেই মুখে মুচকি হাসি। বললেন, ‘সন্তান যতই বড় হোক, বাবার কাছে শিশু। নিজের সন্তানের কাজ নিজে না করে অন্যকে দিলে সে মর্ম বুঝবে না। এই গাছগুলো আমার সন্তান। তাদের যত্ন আমি নিজেই করি।’ জাকারিয়ার দিনের বেশির ভাগ সময় কাটে বনসাই বাগানে। আশপাশের লোকজনের কাছে তাঁর বাড়িটিও ‘বনসাই বাড়ি’ নামে পরিচিত। আমাদের ঘুরে দেখান তাঁর শখের বাগান। শুধুই কী ছাদ, বাড়ির বসার ঘর, পাশের উঠোন, পাঁচিল সবখানেই ছোট ছোট গাছের মেলা। জানালেন, ১৩২ প্রজাতির প্রায় চার শ গাছের বনসাই আছে তাঁর।
বাগানে রয়েছে আট ধরনের বট—চায়না, কুচি, নুড়া, জবা, কাঁঠালি, পাইকাস, পাকুরা ও অশ্বত্থ । ফলের মধ্যে আছে আম, কামরাঙা, চালতা, করমচা, কতবেল, কালোজাম, খেজুর, টাগবাদাম, শজনে, চেসনাট, সফেদা, হাব, আমলকী, তেঁতুল, জামরুল, গোলাপজাম, এলাচিলেবু, বহেড়া ও হরীতকী। ফুলও রয়েছে নানা প্রজাতির—সোনালি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চাঁপা, বাগানবিলাস, মহুয়া, স্বর্ণবটি, অশোক, জুঁই, টগর, তারমণ্ডল, পারুল, বেলি প্রভৃতি। বৃক্ষের মধ্যে রয়েছে শেওড়া, খইয়াবাবলা, গামারি, অর্জুন, নিম, তমাল, শাল, রাজকড়াই ও ঝাউপাইন।

আনাকোন্ডা ও যুগলের আদলে করা কাঠবাদাম
আনাকোন্ডা ও যুগলের আদলে করা কাঠবাদাম

এতকিছু থাকতে বনসাইয়ের প্রেমে পড়লেন কীভাবে? বললেন, ‘ছোটবেলা থেকে বাগান করি। তাই গাছগাছালির সঙ্গে সখ্যটা পুরোনো। একদিন দেখলাম বাাড়ির ছাদে অযত্নে বেড়ে উঠছে একটি বট। তুলে নিয়ে টবে লাগালাম। বেড়েও উঠছে ঠিকমতো। একসময় গাছটার প্রতি মায়া জন্মে গেল। এবার বইপত্র ঘেঁটে নিজে নিজে শুরু করলাম বনসাই করার কাজ। সময়টা ১৯৯২ সাল। অবশ্য পরে বনসাই অ্যাসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়ে পরিকল্পিতভাবে কাজ শুরু করি।’
জাকারিয়ার এমন ব্যতিক্রমী কাজের স্বীকৃতিও মিলেছে বেশ কয়েকবার। ২০০৬, ২০০৯ ও ২০১২ সালে পেয়েছেন বৃক্ষরোপণে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পুরস্কার।
এ ছাড়া স্থানীয়ভাবে পুরস্কারের সংখ্যা অসংখ্য। বসার ঘরের শোকেসে ৫০টিরও বেশি ক্রেস্ট জানান দিচ্ছে তার কাজের স্বীকৃতি।

১৩২ প্রজাতির প্রায়  চার শ গাছের বনসাই  নিয়ে এই বাগান
১৩২ প্রজাতির প্রায় চার শ গাছের বনসাই নিয়ে এই বাগান

গাছগুলো জাকারিয়ার বড় সম্পদ। কথার ফাঁকে সেই কথাই জানিয়ে দিলেন—‘গাছে যখন ফুল ফোটে আর ফল আসে তখন আমার চেয়ে আনন্দে আর কেউ থাকে না।’
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাকারিয়ার সংসারে মা জয়গন নেছা, স্ত্রী মুর্শিদা জাহান এবং দুই মেয়ে মুশফিকা জাকারিয়া ও মুসরাত জাকারিয়া। সবাই তাঁর প্রধান সহযোগী। বিয়ের আগে ছেলের বাড়াবাড়িতে সায় ছিল মায়ের। বিয়ের পর স্ত্রীও স্বামীর সঙ্গে হাত লাগান। ছেলেমেয়েরাও বাবার কাজে প্রেরণা দেয়। বলা যায় বৃক্ষপ্রেমী পরিবার। জাকারিয়া একজন কারাতে শিক্ষকও। স্থানীয় ফ্লাইয়িং এনজেল কারাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিচারক। শখের বশে যাঁরা বনসাই করতে চান, তাদের প্রশিক্ষণও দেন। এ ছাড়া তাঁর বাগানে করা বনসাই বিক্রি করাও শুরু করেছেন।