বনাঞ্চল গিলে খাচ্ছে করাতকল
প্রতিনিয়ত কাঠ পাচারকারীদের কালো থাবায় কক্সবাজারের উখিয়ার বনাঞ্চল প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। এই বন গিলে খাচ্ছে উপজেলার বিভিন্ন স্থানের ১৫টি অবৈধ করাতকল।জানা গেছে, দুই বছর ধরে এসব অবৈধ করাতকল উচ্ছেদে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃক্ষ নিধনকারী ও অবৈধ করাতকল মালিকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এতে আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে করাতকল।বন বিভাগের উখিয়া রেঞ্জ সূত্র জানায়, চলতি বছরের ১৩ এপ্রিল, ১১ জুলাই ও সেপ্টেম্বর মাসে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. বশিরুল আল মামুন ১৫টি অবৈধ করাতকলের তালিকা উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো বশিরুল আল মামুনের তালিকায় দেখা যায়, ফলিয়াপড়ার অভ্যন্তরে কালুগাজী, একই বনাঞ্চলের দীল মোহাম্মদ দিলু, চেংখোলা মইজ্জার কুলের মোক্তার হোসেন, হরিণমারা হিজলিয়ায় আবুল মনসুর, টাইপালংয়ে মো. লুৎফর রহমান, পাতাবাড়ী বাজারের পশ্চিমে মাহবুবুল আলম, গোয়ালিয়ার আবুল মনসুর, সোনাইছড়িতে ছিদ্দিক আহম্মদের বাড়ির উঠানে ছৈয়দ আলম, কোটবাজার টেকপাড়ায় সেলিম উদ্দিনের বাড়ির উঠানে জসীম উদ্দিন, একই গ্রামের মেজবাহ উদ্দিন, রত্নাপালং টেকপাড়ায় শফিকুল ইসলাম চৌধুরী, থাইংখালীর আশারপাড়ার বনাঞ্চল পার্শ্ববর্তী মাহবুবুর রহমানের ছেলে নাজির আহমদ, উত্তর রহমতের বিল পণ্ডিত পাড়ায় দিলদার মিয়া ও থাইংখালী গয়ালমারার এনামুল হকের করাতকল অবস্থিত। তবে মালিয়ারকুল দোকানের পাশে অবস্থিত করাতকলটি কার, তা জানা যায়নি।গত ১৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, ফলিয়াপাড়ার দিল মোহাম্মদ দিলুর মালিকানাধীন করাতকলে কাঠ চেরাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রতিবেদককে দেখে শ্রমিক আবুল কাসেম ও জানে আলম করাতকল চালু না করে পালিয়ে যান।বেলা ১১টায় রত্নাপালং টেকপাড়ায় শফিকুল ইসলাম চৌধুরীর করাতকলের শ্রমিক জামাল উদ্দিন ও কামাল উদ্দিনকে কাঠ চেরাই করতে দেখা যায়। এ সময় ছবি তুলতে চাইলে তাঁরা সটকে পড়েন। তাঁরা মিলের ছবি তুলতে দিলেও তাঁদের ছবি তুলতে অপারগতা জানান। এ সময় শ্রমিক কামাল মিল মালিক শফিকুলকে বিষয়টি জানান। পরে শফিকুল মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, করাতকলের ছবি তুলে কোনো লাভ হবে না।দুপুর ১২টায় কোটবাজারে মেজবাহ উদ্দিনের করাতকলে দেখা যায়, শ্রমিক নুরুল ইসলাম ও বশির আহমদ কাঠ চেরাই করছেন। তাঁরা জানান, ১৫ বছর ধরে তাঁরা এ পেশায় জড়িত। ঝুঁকি নিয়ে জনপ্রতি দৈনিক সাড়ে ৩০০ টাকা বেতনে তাঁরা এ কাজ করেন। করাতকলের পার্শ্ববর্তী একটি ঝুপড়ির কক্ষে চেরাই কাঠের হিসাব করছেন ওই মিলের মাহফুজুল ইসলাম। তিনি বলেন, ‘ভাই, আর এক মাস পর্যন্ত কোনো রকম ব্যবসা চালাব। শুনেছি, এক মাস পরে নাকি অভিযান চলবে। তাই এ অবৈধ ব্যবসা গুঁড়িয়ে ফেলতে হবে।’দুপুর দেড়টায় কোটবাজারে জসিম উদ্দিনের করাতকলে দেখা যায়, শ্রমিক ছৈয়দ আলম মিল চালুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছৈয়দ আলম জানান, কাঠ ব্যবসায়ীরা এখানে কাঠ চেরাই করতে নিয়ে আসেন। কোথা থেকে তাঁরা কাঠ নিয়ে আসেন, সেটা দেখার বিষয় নয়।বন আইনে উল্লেখ আছে, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকা ছাড়া অন্য কোথাও করাতকল স্থাপন করা নিষিদ্ধ। এসব করাতকলের বেশির ভাগই রয়েছে বনাঞ্চল ও সামাজিক বনায়নের পার্শ্ববর্তী এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ পাচারকারী চক্র বনাঞ্চল ও সামাজিক বনায়ন থেকে অবৈধ গাছ কেটে এসব করাতকলে এনে চেরাই করে বিভিন্ন স্থানে পাচার করে।অবৈধ করাতকল মালিক দিলদার মিয়া জানান, বন বিভাগের স্থানীয় বিট অফিস ও পুলিশ প্রশাসনের সঙ্গে মাসিক মাসোহারার চুক্তিতে তিন করাতকল চালাচ্ছেন। তাঁর করাতকলে প্রতিদিন গড়ে ৭০০-৮০০ ফুট কাঠ চেরাই হয় বলে তিনি জানান।আরেক মালিক ছৈয়দ আলম বলেন, প্রশাসনের সঙ্গে অলিখিত মৌখিক চুক্তিই হচ্ছে লাইসেন্স। তাঁর করাতকলে দৈনিক ৬০০-৭০০ ফুট কাঠ চেরাই হয়। তাঁদের দেওয়া হিসাব অনুযায়ী, উখিয়ার অবৈধ ১৫টি করাতকলে প্রতিদিন আনুমানিক প্রায় ১২ হাজার ফুট কাঠ চেরাই হয়। সেই হিসাবে এসব করাতকল প্রতিমাসে আনুমানিক প্রায় তিন লাখ ৬০ হাজার ফুট কাঠ গিলে খাচ্ছে।বন বিভাগ সূত্র জানায়, প্রায় তিন বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সরকারের আমলে উখিয়ার এসব অবৈধ করাতকলে কোনো আঁচড় লাগেনি।উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিবেশ রক্ষা ও বন উন্নয়ন কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী বলেন, গত তিন বছরে অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান না হওয়ায় কাঠ নিধনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন এ ব্যাপারে বলেন, ‘আমি এই রেঞ্জে যোগদানের পর থেকে গত এক বছরে অবৈধ করাতকলের তালিকা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় উচ্ছেদের জন্য কয়েক দফা উপস্থাপন করেছি। সেখানে উচ্ছেদ অভিযানের বারবার সিদ্ধান্ত হলেও নানা আইনি জটিলতায় তা বাস্তবায়িত হচ্ছে না।’ইউএনও মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অবৈধ করাতকল উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।