বনাঞ্চলে করাতকল, চলছে কাঠ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বনাঞ্চলের ভেতর অর্ধশত করাতকল বসানো হয়েছে। প্রতিদিন বনাঞ্চল থেকে চুরি হওয়া গাছ এই করাত কলগুলোতে এনে চেরাই করে কাঠ পাচার করা হচ্ছে।
বনাঞ্চল থেকে ১০ কিলোমিটার দূরে করাতকল বসানোর নিয়ম থাকলেও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাসোহারা দিয়ে এসব করাতকল চালু রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বন বিভাগ, এলাকাবাসী এবং করাত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত বাঁশতৈল, তরফপুর, আজগানা এবং লতিফপুর ইউনিয়নে সাত হাজার ৪৪৪ একর সরকারি বনাঞ্চল রয়েছে। এই বনাঞ্চলের মধ্যে কুড়িপাড়াতে সাতটি, হাঁটুভাঙ্গাতে আটটি, পাথরঘাটাতে ১২টি, বাঁশতৈলে তিনটি, ছিটমামুদপুরে চারটিসহ পেকুয়া ও বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি করাতকল বসানো হয়েছে। এ ছাড়া বনাঞ্চলের খুব কাছে গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারে রয়েছে ১০টির ওপর করাতকল। এসব করাতকলে প্রতিদিন বনাঞ্চল থেকে চুরি হওয়া কয়েক হাজার ঘনফুট কাঠ চেরাই করে তা পাচার করা হচ্ছে। এ জন্য বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত মাসোহারা পান বলে অভিযোগ রয়েছে।
হাঁটুভাঙ্গা বাজারের কয়েকজন করাতকল ব্যবসায়ী বলেন, বনাঞ্চল থেকে আনা কাঠ চেরাই করার জন্য প্রতিটি করাতকল থেকে বন বিভাগের কর্মকর্তাদের মাসোহারা দিতে হয়। হাঁটুভাঙ্গাতে বন বিভাগের চেকপোস্ট রয়েছে। সেখানে কাঠ তল্লাশি করার সময় কর্মকর্তারা মাসোহারা নেন।
তবে মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দাবি করেন, গজারির বনখ্যাত এ বনাঞ্চলের কাঠ হাঁটুভাঙ্গার কোনো করাতকলে চেরাই করা হয় না।
এ ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের মির্জাপুরের বাঁশতৈল রেঞ্জের কর্মকর্তা আতাউল মজিদ বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। বন বিভাগ থেকে অবৈধ করাতকলের তালিকা করা হয়েছে। দ্রুত এসব করাতকল বন্ধ করে দেওয়া হবে। কারও বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।