বনানী কবরস্থানে হবে কোকোর দাফন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ রাজধানীর বনানী সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল বারী প্রথম আলোকে আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে জানান, বি-ব্লকের ১৮ নম্বর লেনে কবর খোঁড়া হয়েছে। আধা ঘণ্টার মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। কবরের অবস্থান সম্পর্কে তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর থেকে ১০-১৫ গজ সামনে কোকোর মরদেহ দাফন করা হবে।
এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ২০-দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, কোকোকে রাজধানীর বনানী সামরিক করবস্থানে দাফনের অনুমতি মেলেনি। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের ছেলে হিসেবে কোকোর কবর সামরিক কবরস্থানে হতে পারে। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি।
সামরিক কবরস্থানে কোকোর মরদেহ দাফনের অনুমতি মেলেনি
কোকোর মরদেহ আজ বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছে।
আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা হয়।