বনানী থেকে অপহূত শিশু ঝিনাইগাতীতে উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারীপাড়া গ্রাম থেকে আজ শনিবার নয় মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিউল হাসান নামের শিশুটি গতকাল ঢাকার বনানীর সাততলা বস্তি থেকে অপহূত হয়েছিল।
পুলিশ জানায়, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. খোকন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শিশু রবিউল বরগুনা জেলার পশ্চিম বুড়িরচর গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। আটক খোকন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আলম গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে রবিউলকে কোলে নিয়ে গজারীপাড়া গ্রামে ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি ঝিনাইগাতী থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি দল গজারীপাড়া গ্রামে গিয়ে খোকনকে আটক এবং শিশু রবিউলকে উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ওসি গোলাম মোর্শেদ প্রথম আলোকে বলেন, শিশু উদ্ধারের বিষয়টি ঢাকার বনানী থানায় জানানো হয়েছে। সেখান থেকে শিশুটির অভিভাবক ও পুলিশের একটি দল ঝিনাইগাতী আসছে। তাঁরা এলে তাঁদের কাছে শিশুকে হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটিকে নলকুড়া ইউনিয়নের রশিদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খোকন শিশু রবিউলকে অপহরণ করার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
বনানী থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পূর্বপরিচয় সূত্রে ঝালকাঠির বাসিন্দা রাজমিস্ত্রি খোকন গতকাল শুক্রবার বনানীর সাততলা বস্তির বাসিন্দা ইদ্রিস গাজীর বাসায় যান। দুপুরের দিকে ইদ্রিস শিশু পুত্র রবিউলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে বাসার বাইরে যান। বিকেলে বাসায় ফিরে ইদ্রিস দেখেন, রবিউল ও খোকন বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও ইদ্রিস দুজনের কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার রাতে ইদ্রিস এ ব্যাপারে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।