বনানী থেকে আরও তিন তরুণ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে গত সপ্তাহে তিন তরুণ নিখোঁজ হয়েছেন। তাঁরা একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন। নিখোঁজ তরুণেরা হলেন—কামাল হোসেন, ইমাম হোসেন ও হাসান মাহমুদ। কামাল ১ থেকে ৩ জুনের মধ্যে এবং ইমাম ও হাসান ৩ জুন বিকেলে নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরে একসঙ্গে চার তরুণ নিখোঁজ হন। সম্প্রতি এদের দু’জন ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজনের মধ্যে কামাল ইস্কাটনের একটি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেছেন। বাকি দু’জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছেন। তিনজনই বনানীর চার নম্বর সড়কে ইন্টারন্যাশনাল টেলেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, নিখোঁজ ওই তিনজনের খোঁজ নিতে তাঁদের অফিসে গিয়ে পুলিশ জানতে পারে তাওহিদুর রহমান নামের আরেক তরুণও নিখোঁজ হয়েছেন। তবে তাওহিদুরের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

কামাল হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডির তদন্ত করছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান। তিনি বলেন, কামাল গত ১ জুন অফিসে যাননি। ২ জুন (শুক্রবার) কেউ তাঁর কোনো খোঁজ নেয়নি। ৩ জুন শনিবার থেকে পরিবারের সদস্যরা খোঁজখবর নেওয়া শুরু করেন। ওই দিন কামালের পরিবার থানায় জিডি করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের কাছে কামালের কোনো ছবি ছিল না। ধর্মীয় কারণে কামাল ছবি তুলতেন না। ৩ জুন বিকেলের দিকে কামালের মামা আবদুর রশিদ ইমাম ও হাসান মাহমুদকে ফোন করে কামালের কোনো ছবি আছে কিনা জানতে চান। ইমাম ও হাসান জানান, তাঁদের কম্পিউটারে ছবি আছে, সেখান থেকে প্রিন্ট করে দিতে হবে। কামালের আত্মীয়দের অনুরোধে একটি ছবি প্রিন্ট করে বিকেল পাঁচটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় যান ইমাম হোসেন ও হাসান মাহমুদ। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।