বনানী পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি বিকল

বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার পদচারী-সেতুটিতে (ফুটওভারব্রিজ) বসানো চলন্ত সিঁড়ি আবারও বিকল হয়ে গেছে। এই নিয়ে গত তিন বছরে এটি ছয়বার বিকল হলো। এই চলন্ত সিঁড়ি বসাতে দেড় কোটি টাকা খরচ হয়েছিল।
গতকাল রোববার সেতুর চলন্ত সিঁড়িটি বিকল হয়ে যায়। পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মচারীকেও বিকেলে সেখানে দেখা যায়নি।
বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মল বায়ু, টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পের (কেইস) আওতায় এই চলন্ত সিঁড়ি বসানো হয় ২০১৪ সালের শুরুতে। ওই বছরে তিনবার চলন্ত সিঁড়িটি বিকল হয়। গত বছরও বিকল হয় দুবার। চলতি বছরের প্রথম মাসেই ষষ্ঠবারের মতো সিঁড়িটি বিকল হলো।
বিমানবন্দর সড়কে ২০০ মিটারের মধ্যে দুপাশে একই ধরনের দুটি পদচারী-সেতু থাকার পরও এই সেতু নির্মাণ করা হয় প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকায়। আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে চলন্ত সিঁড়ি বসানো হয় দেড় কোটি টাকায়। বলা হয়েছিল অনাগ্রহী পথচারীদের সেতু ব্যবহারে উৎসাহিত করতে এই ব্যবস্থা।
ওই সময়ে প্রায় ১১ কোটি টাকা খরচ করে রাজধানীর আরও সাতটি স্থানের পদচারী-সেতুতে চলন্ত সিঁড়ি বসানোর চেষ্টা হয়েছিল। এলাকাগুলো হচ্ছে মতিঝিল শাপলা চত্বর, উত্তর বাড্ডা বাজার, উত্তরা রাজউক মডেল স্কুলের সামনে, মিরপুর ২ নম্বর সেকশন, শাহজাহানপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পূর্ব দিকে এবং বেইলি রোড অফিসার্স ক্লাবের সামনে। তখন বিশ্বব্যাংক বলেছিল বনানীর চলন্ত সিঁড়ি ঠিকভাবে চললে বাকিগুলো নির্মাণ করা হবে।
চলন্ত সিঁড়ি বারবার বিকল হওয়ার বিষয়ে জানতে গতকাল কেইস প্রকল্পের দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে। তবে বিকল হয়েছে, নাকি রক্ষণাবেক্ষণকাজের জন্য বন্ধ রাখা হয়েছে তা খতিয়ে দেখা হবে।