বনানী মাঠে ‘বেঙ্গল বৈশাখ উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানী মাঠ সকাল নয়টা থেকেই হয়ে ওঠে লোকে লোকারণ্য। প্রচণ্ড গরম। বছরের প্রথম দিনে সূর্য খুলে দিয়েছিল খররোদের ঝাঁপি। রোদ আর তাপ উপেক্ষা করে সহস্র মানুষের উপস্থিতিতে ঢাকঢোলের মধ্য দিয়ে শুরু হয় বেঙ্গল ফাউন্ডেশনের বর্ষবরণের উৎসব। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দেশ টিভি। বেঙ্গল বৈশাখ উৎসবে শনিবার সকালের পর্বে সরোদ পরিবেশন করেন ইউসুফ খান। এ পর্বে আরও ছিল শিশুদের সম্মেলক গান, বৃন্দ আবৃত্তি, শিশুদের নাচ, পঞ্চকবির গান ও পাপেট শো। বিকেলের পর্বে ছিল বাউল গান ও ব্যান্ডের গান। পঞ্চকবির গান পরিবেশন করেন শামা রহমান, বরকত হোসেন, নন্দিতা ইয়াসমিন, ঝুমা খন্দকার, আজিজুর রহমান, এ টি এম জাহাঙ্গীর, ফাহিম হোসেন, হালিমা খাতুন ও ভজন বাউলসহ অনেকে। বাঁশি বাজিয়েছেন কমল চন্দ্র সরকার। আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও হাসান আরিফ। নৃত্য পরিবেশন করে নৃত্যম। বিকেলের পর্ব শুরু হয় ফিরোজ খানের সেতার পরিবেশনা দিয়ে। এ পর্বে পঞ্চকবির গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান, শাম্মী আখতার, মিতা হক, খায়রুল আনাম, মাসুদা নার্গিস আনাম, সামিনা চৌধুরী, ইয়াকুব আলী খান, শামা রহমান, বুলবুল ইসলাম, অদিতি মহসিন, শারমীন সাথী ইসলাম, অনুপ বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান। টাঙ্গাইলের বেহুলা-লখিন্দর পালা পরিবেশন করে জটাপট গান। সব শেষে লোকগান পরিবেশন করেন শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বিমান চন্দ্র বিশ্বাস। উৎসবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উৎসব প্রাঙ্গণে ছিল কারুমেলা, ছবি মেলা, বাংলা গানের আসর, আবৃত্তি, পুতুলনাচ প্রভৃতি। এর আগে শুক্রবার উৎসবের উদ্বোধন হয়েছিল ঢাকঢোল বাদনের মধ্য দিয়ে। সকালের পর্বে শিশুদের সম্মেলক গান পরিবেশন করে সিলেটের অনিমেষ বিজয় চৌধুরী ও তাঁর দল, বৃন্দ আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি সংগঠন, শিশুদের নাচের দল ভাবনা পরিবেশন করে শিশুদের নাচ, এ ছাড়া ছিল পঞ্চকবির গান। সকালের শেষ পরিবেশনা ছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় পাপেট শো। বিকেলের পর্বে বাউল গান পরিবেশন করেন শফি মণ্ডল, রব ফকির ও বেবি আখতার। এরপর ব্যান্ডের গান পরিবেশন করে সমগীত, পরবাসী, গৌরব ও নবনীতা, লালন, লিমন, কৃষ্ণকলি, অর্ণব।