বনানীতে আদি ঢাকার আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস্তোরাঁর অন্দরসাজে পুরান ঢাকার পুরান আবহ। ছবি: নকশা
রেস্তোরাঁর অন্দরসাজে পুরান ঢাকার পুরান আবহ। ছবি: নকশা

বনানীতেই পুরান ঢাকা! ভুল শোনেননি। রাজধানীর বনানীর ১৩/এ নম্বর রাস্তার পাশেই ১০৩ নম্বর বাড়িতে গড়ে উঠেছে এই পুরান ঢাকা। যা আসলে একটা রেস্তোরাঁ। ‘পুরান ঢাকা রেস্তোরাঁ’ নামের খাবারের এই দোকানে এলেই পাবেন আদি ঢাকার দেখা। ভেতরে ঢোকার পরেই সরু রাস্তা ধরে এগোতে হবে এগলি-ওগলি করে। কোনো ঘরে হয়তো দেখা মিলবে ঘোড়ার গাড়িতে চাবুক মেরে ছুটছে কোচোয়ান। দেয়ালের কোথাও বা বসেছে নাচের আসর অথবা পুরোনো বাড়ির দেয়াল ঠিকরে বেরোচ্ছে আলোর রোশনাই। সারে সারে রাখা আছে মাটির তৈরি আসবাব, হাতি, ঘোড়াসহ নানা কিছু। শুধু তো সাজসজ্জা দেখে পেট ভরবে না। তাই, বসেই ফরমাশ দিতে পারেন বিশেষ ধরনের ফুচকা বা শাহি জাফরানি পানীয়। এরপর আড্ডা জমিয়ে নিয়ে খেতে পারেন নানা স্বাদের বিরিয়ানি বা খিচুড়ি। ঐতিহ্যবাহী পুরান ঢাকার নানা ধরনের খাবারের তালিকা দেখে ফরমাশ দিতে পারেন আপনার পছন্দের খাবার। আর খাবারের স্বাদ ঠিক রাখতে পুরান ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ থেকে বেছে নেওয়া হয়েছে শেফদের।
পাঁচ বন্ধুর এই রেস্তোরাঁর মালিকদের একজন আশফাক আহমেদ জানান, ‘আসলে পুরান ঢাকার খাবারের সুনাম সবখানেই। আর তাই খেতে অনেকেই ছুটে যান সেখানে। তবে রাস্তার যানজট আর ভিড় ঠেলে দুপুরের খাবার খেতে গিয়ে হয়তো পৌঁছাতে হয় রাতের খাবারের সময়। সেই দিকটা মাথায় রেখেই আমরা নতুন ঢাকার অধিবাসীদের জন্য পুরান ঢাকার খাবার পরিবেশনের ব্যবস্থা করেছি।’
গত মার্চ মাসে চালু হওয়ার পর থেকেই মিলছে দারুণ সাড়া। ইন্টারনেট ব্যবহারের জন্য আছে ওয়াই-ফাই সংযোগ। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই রেস্তোরাঁ। মোট চারটি ঘরে ৬৫ জনের খাওয়ার ব্যবস্থা আছে এখানে। ক্যাটারিং সার্ভিসও আছে। বনানীর বাসিন্দাদের জন্য আছে অতিরিক্ত চার্জ ছাড়া বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার (হোম সার্ভিস) ব্যবস্থা। ফোন করতে পারেন ০১৬৮২২৩২২২২ নম্বরে।
খাবারের তালিকায় পাবেন কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন খিচুড়ি, বিফ তেহারি, ইলিশ পোলাওসহ নানা পদ। বাদশাহি ক্বারি পর্বের আয়োজনে আছে মুরগি মাসাল্লাম, মেজবান গোস্ত, চিকেন দোপেঁয়াজি, গরু বা মুরগির ঝাল ফ্রাই, বাটার ক্বারি, চিকেন রোস্টসহ বিভিন্ন পদ। এ ছাড়া শাহি কাবাব, পানীয় এবং মিষ্টিমুখের ব্যবস্থা আছে। সবাই যাতে এখানে বসে খেতে পারে তাই খাবারের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে।