বনানীতে গারোদের ওয়ানগালা উৎসব
গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস, ‘মিশি সালজং’ বা শস্যদেবতার ওপর ভরসা রাখলে ফসলের ভালো ফলন হয়। এই দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে তারা পালন করে ওয়ানগালা (নবান্ন) উৎসব।
ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের লোকজন গতকাল শুক্রবার বনানীর রাজউক মাঠে সারা দিন পূজা-অর্চনা করে নেচে-গেয়ে উৎসবমুখর পরিস্থিতিতে পালন করেছেন তাঁদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা।
সকালে দেবতার উদ্দেশে ফসল উৎসর্গ এবং পূজার মাধ্যমে শুরু হয় উৎসব। ‘ওয়ানচি থক্কা’, ‘রুগালা’, ‘শশত সাত্তার’, ‘আমুয়া’র মতো গারোদের আদি ধর্মীয় আচার পালন করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী জুম নাচ, নিজ ভাষায় গান ও গারো নাচ পরিবেশন করেন শিল্পীরা।
উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এই দেশ সবার। সব জাতির, বর্ণের, সমাজের, গোষ্ঠীর। বাংলাদেশে কোনো অবস্থাতেই কেউ ছোট নয়। সবার সমান মর্যাদা, সমান অধিকার। তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান, আদিবাসী-বাঙালি—সবার রক্তের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং গারো তরুণ প্রজন্মকে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান। উৎসব উপলক্ষে সমবেত হওয়া কয়েক হাজার গারো শহুরে জীবনের ব্যস্ততার ফাঁকে দিনভর নিজেদের মতো করে আনন্দ-উৎসবে মেতে থাকেন। মাঠে স্টলগুলোতে ঘুরে নিজেদের সব ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেন। কেউ কেউ আবার বাসায় খাবারের জন্য কিনে নেন জুমের আলু, কুমড়া, বিভিন্ন বুনো শাকসবজি। সংগ্রহ করেন দকমান্দা, দকসারি, থাংকা সরা, রিকমাচ্চুর মতো ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। ওয়ানগালা অনুষ্ঠানের নকমা (প্রধান) প্রীতিসন পৌল মৃর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেমন্ড আরেং, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, নিখিল মানকিন প্রমুখ। সবশেষে মঞ্চ মাতাতে ওয়ানগালায় প্রথমবারের মতো গান পরিবেশন করে গারো নারীদের ব্যান্ড দল এফ মাইনর।