বনানীতে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে গুলি করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ২৬ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সন্ধ্যায় বনানীর ইকবাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর গুলিতে ব্যবসা-প্রতিষ্ঠানটির আহত এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলশান থানার উপ-পরিদর্শক মাসুদ রায়হান জানান, ছিনতাই হওয়া টাকা বনানীর ব্র্রোকারেজ হাউস মাইকা প্রপার্টিজ অ্যান্ড সিকিউরিটিজের। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা যতীন্দ্র চন্দ্র বর্মণ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যাংকে ওই টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় ইকবাল সেন্টারের সামনে কয়েকজন মোটরসাইকেল আরোহী তাঁকে আটকায় এবং গুলি করে হাতের ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ২৬ লাখ টাকা ছিল বলে যতীন্দ্র পুলিশকে জানান। নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের উল্টোদিকেই প্রিমিয়ার ব্যাংকে জমা দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলের আশপাশের কয়েকজন দোকানি পুলিশকে জানিয়েছেন, তাঁরা কোনো কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল আরোহীরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গুলির শব্দ পেয়ে তাঁরা এগিয়ে গিয়ে যতীন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।