বনানীতে ছাত্রী ধর্ষণে দোষী ক্ষমতাধর হলেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দোষী ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, তাকে শাস্তি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে এ ঘটনায় যে হোটেলের নাম এসেছে, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার নাম আসবে, যার গাফিলতি থাকবে বা এ ঘটনায় যারা সহযোগিতা করেছে বলে দেখা যাবে, সে যে-ই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে উইমেন্স হলিডে মার্কেট উদ্বোধন করা হয়। সেখানে মন্ত্রী এ কথা বলেন। মহাখালীতে ডিএনসিসি কার্যালয় প্রাঙ্গণে ডিএনসিসি ও ‘ফর দ্য উইমেন বাই দ্য উইমেন’ ফোরামের যৌথ উদ্যোগে উইমেনস হলিডে মার্কেটের উদ্বোধন করা হয়।
এই মার্কেটটি ডিএনসিসি প্রাঙ্গণে ৫০টি ভ্রাম্যমাণ দোকান নিয়ে ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ফর দ্য উইমেন বাই দ্য উইমেন ফোরামের সদস্য তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা এখানে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যত ধরনের সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ আছে, তাদের একটা নিয়ন্ত্রণরেখার মধ্যে আবদ্ধ করে ফেলেছি। সার্বিক নিরাপত্তার বিচারে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ৩৭তম। এটা দেশের নিরাপত্তাব্যবস্থার উন্নতির পরিচয় বহন করে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন ও ক্লিন করার ঘোষণা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক আগেই দিয়েছিলেন। ঢাকাকে বদলে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর কাজগুলো একের পর এক চমক লাগিয়ে দিচ্ছে। সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের জন্য হলিডে মার্কেটের উদ্যোগ নেওয়ায় তিনি মেয়রকে ধন্যবাদ জানান। ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, তার সব ব্যবস্থাও সরকার করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
নারীর ক্ষমতায়নে সরকারের সদিচ্ছা রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, এর স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী জাতিসংঘ প্রদত্ত ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছেন।
সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, আজ একটি স্বপ্ন পূরণ হয়েছে। নারী উদ্যোক্তাদের পুনর্বাসিত করা ডিএনসিসির একটি ম্যান্ডেট এবং কমিটমেন্ট (প্রতিশ্রুতি)। ডিএনসিসির প্রত্যেকটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে এ ধরনের মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে।

মেয়র বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও পৃথক একটি হলিডে মার্কেট চালু করা হবে। এ ছাড়া ডিএনসিসি রিকশাচালকদেরও ব্যাংকঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এ ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টি প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোয়ারদার বলেন, ব্যাংকগুলোর প্রতিটি শাখায় নারী উদ্যোক্তা ডেস্ক চালু করে অন্তত তিনজন করে নারী উদ্যোক্তাকে ঋণদান করতে হবে মর্মে সরকারের নির্দেশনা রয়েছে। এমনকি ক্ষেত্রবিশেষে নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া যাবে।
ডিএনসিসির পক্ষ থেকে ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আলেয়া সারওয়ার এই হলিডে মার্কেটের সব কাজ দেখাশোনার দায়িত্বে আছেন। অনুষ্ঠানের শুরুতে ফর দ্য উইমেন, বাই দ্য উইমেন ফোরামের সদস্য এবং নারী উদ্যোক্তা পপি বড়ুয়া তাঁদের একটি স্থায়ী জায়গা দেওয়ার জন্য ডিএনসিসির মেয়রকে অনুরোধ জানান। ফোরামের সভাপতি শামসুন্নাহার উদ্যোক্তাদের প্রত্যেককে ডিএনসিসির মেয়রের স্বাক্ষরযুক্ত পরিচিতিপত্র দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নারী উদ্যোক্তাদের নিরাপত্তা প্রদানেরও নিশ্চয়তা চান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাউল ইসলাম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সহাকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. সাইফুর রহমান পাটোয়ারী, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এসইভিপি আহসান জামান চৌধুরী, ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী সাঈদ নুরুল ইসলাম, ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।