বনানীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন উত্তর বাড্ডার চায়ের দোকানদার মিজান (৫০)। তাঁর বাড়ি পিরোজপুরের দুলিয়াড়ির কদমতলায়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
বনানী রেলস্টেশনের উত্তরে লাল মসজিদসংলগ্ন এলাকায় সকাল সোয়া আটটার দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর প্রথম আলোকে বলেন, সকাল আটটায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। দুজনই পাশাপাশি ছিলেন এবং তাঁরা ট্রেন যেদিক থেকে আসছিল, তার উল্টো দিকে হাঁটছিলেন। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। রেলওয়ের লাইনম্যানরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
আলী আকবর বলেন, ঘটনাস্থল এবং আশপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে, একজন অন্যজনকে বাঁচাতে গিয়ে দুজনই একসঙ্গে কাটা পড়েছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মৃত মিজানের ছোট ভাই বাবুল তাঁর ভাইয়ের মরদেহ শনাক্ত করেছেন। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।