বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত দেড়টার দিকে নিহত ছাত্রের লাশ নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ছাত্রের নাম আহমেদ ফয়সাল। তাঁর বড় ভাই আবদুল্লাহর ভাষ্য, ফয়সাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্র। তাঁর বাড়ি মিরপুরের শ্যাওড়াপাড়ায়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের ভাষ্য, রেললাইন পার হওয়ার সময় ফয়সালকে ট্রেনটি ধাক্কা দেয়। পকেটে থাকা মুঠোফোনের সিম বের করে ফয়সালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।
নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।