বনানীতে দুই ঘটনায় ১৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গতকাল বুধবার দুটি পৃথক ঘটনায় ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনা দুটি ঘটেছে দিনের বেলায় ব্যস্ত রাস্তায়। পুলিশ এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, মোহাম্মদী গ্রুপের সহকারী হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা থেকে নয় লাখ ৫১ হাজার টাকা তোলেন। তিনি তিন সহকর্মীর সঙ্গে ওই টাকা নিয়ে গাড়িতে করে বনানীরই আইএফআইসি ব্যাংকে যাচ্ছিলেন। পথে ১১ নম্বর সড়কে দুটি মোটরসাইকেলে চড়া চার তরুণ তাঁদের পথ রোধ করে এলোপাতাড়ি গুলি চালায় এবং অস্ত্রের মুখে ব্যাংক থেকে তোলা সব টাকা ছিনিয়ে নিয়ে যায়।এদিকে আরেকটি ঘটনায় বনানীর ৫ নম্বর সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান উইন্ডমিলের কর্মকর্তা রাসেল। তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে পাঁচ লাখ ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ভাড়া করা মাইক্রোবাসটির চালক আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।