বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল
বনানীতে ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আজ রোববার মামলার বাদী আদালতে আসেন। কিন্তু সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঠিক করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক জয়শ্রী সমাদ্দার আজ রোববার এই দিন ঠিক করেন।
এই আদালতের মূল বিচারক শফিউল আজম ছুটিতে আছেন। আদালতের পেশকার তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাক্ষ্য দেওয়ার জন্য বাদী আদালতে আসেন। আসামিদের আদালতে হাজির করা হয়। আজ সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করেছেন।’
অভিযোগ গঠনের পর এ নিয়ে তিনবার এই মামলার সাক্ষ্যগ্রহণের শুনানির দিন পেছাল। তিন দিনই বাদী আদালতে সাক্ষ্য দিতে আসেন। ২৪ জুলাই সাক্ষ্যগ্রহণের প্রথম দিন আসামিপক্ষ আদালতের কাছে সময় চেয়ে বলেন, ‘অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। মামলার নকল কপি পাননি। যে কারণে তাঁরা আবেদনও করতে পারেননি।’ আদালত সেদিন আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করেন ৬ আগস্ট। আসামিপক্ষ সেদিনও সময় আবেদন করলে আদালতে আজ রোববার সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করেন। পেশকার তানভীর হোসেন বলছেন, আসামিপক্ষ থেকে আজ আদালতে কোনো সময় আবেদন ছিল না।
এই মামলায় ১৩ জুলাই আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমের বিরুদ্ধে ধর্ষণের অপরাধে অভিযোগ গঠন করা হয়। আর শাফাতের আরেক বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ গঠন করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারা অনুযায়ী, কোনো পুরুষের বিরুদ্ধে নারী বা শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে আদালত অর্থদণ্ডও করতে পারবেন। আর অপরাধে প্ররোচনা বা সহায়তার বিষয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কাউকে অপরাধ সংগঠনে সহায়তা করেন, তা হলে অপরাধ সংঘটনের জন্য যে শাস্তি নির্ধারিত, প্ররোচনাকারীও এই একই দণ্ডে দণ্ডিত হবেন।
জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার ৪০ দিন পর এ ব্যাপারে বনানী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে বাদীকে পুলিশ হয়রানি করে। পরে গত ৬ মে শাফাত, নাঈমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নেয়। পাঁচ আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে।