বনানীতে ধর্ষণের ঘটনার তদন্ত করবে মানবাধিকার কমিশন
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে কমিশন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ সোমবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষক প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিতে দেরি করেছে—এ-সংক্রান্ত খবর প্রকাশিত হলে তা মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করে। কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক ঘটনাটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে জানিয়েছেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন অভিযোগ আমলে নিয়েছে। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
কমিটির সদস্যরা হলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরীফ উদ্দীন ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।