বনানীতে ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি সংস্কৃতিকর্মীদের

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার দ্রুত বিচার চেয়েছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলেছেন, ধর্ষকেরা যতই অর্থশালী বা ক্ষমতাবান হোক না কেন, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সমাবেশে সংস্কৃতিকর্মীরা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই সমাবেশের আয়োজন করে। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘ধর্ষণকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ষণের বিচার চেয়ে সংস্কৃতিকর্মীদের রাজপথে নামার কথা নয়। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে এখন তা-ও করতে হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ তিনি ধর্ষণের মামলা নিতে না চাওয়ার নিন্দা জানান। পুলিশ যেভাবে জঙ্গিবাদবিরোধী অভিযানে ভূমিকা রাখছে, তেমনি নারী নির্যাতন, শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, স্বাধীনতার এত বছর পরও ধর্ষণ নিয়ে বিক্ষোভ করতে হচ্ছে, যা দুঃখজনক। বনানীসহ গত এক বছরে দেশের বিভিন্ন প্রান্তে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। তাঁরা সব ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, তনু হত্যার পর থেকে একের পর নারী ও শিশু ধর্ষিত হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই এ ধরনের ঘটনা ঘটছে। বনানীর ঘটনায় জড়িত ধনিক শ্রেণির সন্তানেরা জড়িত। কোনোক্রমেই তাদের এই অর্থ যেন আইনের ফাঁক ব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।