বনানীতে পুলিশবাহী গাড়ির ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে পুলিশবাহী মিনিবাসের (রিকুইজিশন করা গাড়ি) ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক তরুণ নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে বনানীর ২৭ নম্বর রোডসংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম রিয়াজ উদ্দিন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যায়ে পড়াশোনার পাশাপাশি মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অপো’তে কাজ করছিলেন। এ ঘটনায় আহত অন্যজনের নাম মো. রাজিন। তিনিও ‘অপো’র কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাকলি মোড় থেকে মোটরসাইকেলে করে রিয়াজ ও রাজিন ২৭ নম্বর সড়কে ঢুকছিলেন। এ সময় পুলিশবাহী মিনিবাসটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। রিয়াজ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর গাড়িতে থাকা পুলিশ সদস্যরাই চালককে আটক করে বনানী থানায় সোপর্দ করেন। তাৎ​ক্ষণিকভাবে সেখানে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক উত্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়রা পারভীন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ নিয়ে এখানে সাময়িক উত্তেজনা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।