বনানীতে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি বহুতল বাণিজ্যিক ভবনে গতকাল সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় ভবনে থাকা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের দেয়াল বেয়ে এবং একজন লাফিয়ে নিচে নেমেছেন। এ ছাড়া বিষাক্ত ধোঁয়ায় এক নারী অসুস্থ হয়েছেন।
বনানী ১৭ নম্বর সড়কের ‘বসতি হরাইজন’ নামের ১৮ তলা ভবনটির দ্বিতীয় তলায় বেলা আড়াইটার দিকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া ভবনটির পুরো অংশে ছড়িয়ে পড়ে। শাহনেওয়াজ খান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই সময় তিনি ভবনের নিচতলায় লিফটের জন্য অপেক্ষা করছিলেন। লিফটটি ১৮ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত এলে বিদ্যুৎ চলে যায়। এরপর দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং আগুন আগুন বলে চিৎকার শুনে তিনি ভবন থেকে বের হয়ে আসেন। শাহনেওয়াজের সহকর্মী আবুল কালাম নামের আরেকজন তখন ভবনটির ১৮ তলায় ছিলেন। আবুল কালাম বলেন, ১৮ তলায় একটি দৈনিক পত্রিকার কার্যালয়। তিনি সেখানে সহসম্পাদকের কাজ করেন। অগ্নিকাণ্ডের সময় ওই তলায় ১২-১৩ জন লোক ছিলেন। তাঁরা দ্রুত ছাদে উঠে যান। পরে এই ভবন লাগোয়া পাশের একটি ভবনের জানালা ভেঙে সেই ভবনটিতে যান এবং নিরাপদে নিচে নেমে আসেন। নিচে নামার পর নারী-পুরুষসহ কয়েকজনকে তিনি ভবনের দেয়াল (বসতি হরাইজন ভবন) বেয়ে নিচে নামতে দেখেন।
শেখ বাপ্পী নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার পরপরই তিনি ২৩-২৪ বছরের এক যুবককে চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়তে দেখেছেন। তাঁর ভাষ্য, যুবকটি সরাসরি নিচে লাফ দেননি। প্রথমে তিনি ভবনের সামনে ঝুলে থাকা কেবলের ওপর লাফ দেন। পরে সেখান থেকে ঝুলে নিচে নেমে আসেন। ভবনে কর্মরত একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ভবনটিতে পর্যাপ্ত ব্যবস্থা ও প্রশিক্ষিত জনবল নেই। জরুরি নির্গমনের জন্যও পৃথক কোনো ব্যবস্থা নেই।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, দ্বিতীয় তলায় বিদ্যুতের মূল সংযোগের বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বোর্ডে আগুন লেগেছিল। আগুনে বোর্ডের সঙ্গে থাকা অসংখ্য তার পুড়ে যায়। এতে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এ ছাড়া বোর্ডের পাশে থাকা দুটি মোটরসাইকেলও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ধোঁয়া-আগুন শুধু দ্বিতীয় তলাতেই ছিল। ধোঁয়া বের হওয়ার জন্য সিঁড়ি ছাড়া অন্য কোনো জায়গা নেই। তাই সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে গোটা ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তিনি বলেন, কোনো ভবনে আগুন লাগলে এভাবে আতঙ্কিত হয়ে লাফ দেওয়া বা ভবন বেয়ে নিচে নামা উচিত নয়। এটা আত্মাহুতির সমান। এ ধরনের অগ্নিকাণ্ডের সময় সম্ভব হলে ছাদে চলে যেতে হবে। তা সম্ভব না হলে ভবনের দরজা-জানালা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ধোঁয়া না ঢুকতে পারে। এরপর উদ্ধারকর্মীদের সাহায্য নিতে হবে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করেছে। ২৫ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যায়। হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটি থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করেছেন। এ সময় শেফালি আক্তার (৩৫) নামের এক নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। গতকাল সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।